একাদশেই দ্বাদশ পার

অগস্ত্য জয়শওয়ালের বয়স ১১ বছর। বিস্ময়কর প্রতিভার জন্য সংবাদপত্রের শিরোনাম হয়ে উঠেছে সে। ৬৩ শতাংশ নম্বর পেয়ে এই বয়সেই উচ্চমাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাস করেছে। এর মধ্যে ‘চাইল্ড প্রডিজি’ বা ‘শিশু মহাবিস্ময়’ হিসেবে পত্রিকাগুলোর শিরোনাম হয়েছে সে।
এমন প্রতিভা অবশ্য অগস্ত্যর পরিবারে নতুন নয়। তার বড় বোন আন্তর্জাতিক টেবিল টেনিস খেলোয়াড় নয়না জয়শওয়াল সর্বকনিষ্ঠ খেলোয়াড়। অল্প বয়সে তিনি পিএইচডিও করবেন। বিভিন্ন সূত্রে জানা গেছে, অগস্ত্যর মাও ১৫ বছর বয়সে স্নাতকোত্তর করেছিলেন। তিনি ওসমানিয়া বিশ্ববিদ্যালয় থেকে রাষ্ট্রবিজ্ঞানে স্নাতকোত্তর করেন।
অগস্ত্যর বাবা অশ্বিনী কুমারের দাবি, রাজ্যে তাঁর ছেলেই প্রথম এত অল্প বয়সে উচ্চমাধ্যমিক পরীক্ষা পাস করল। অগস্ত্য ভারতের তেলেঙ্গানা রাজ্যের হায়দরাবাদের পার্শ্ববর্তী ইউসুফগুড্ডা এলাকার সেন্ট মেরিস জুনিয়র কলেজের ছাত্র। পিটিআইয়ের খবরে জানা যায়, আজ সোমবার তাঁর পরীক্ষার ফল ঘোষণা করা হয়েছে।
২০১৫ সালে মাত্র নয় বছর বয়সে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষা পাস করে অগস্ত্য। সে তেলেঙ্গানা এসএসসি বোর্ডের কাছ থেকে ওই পরীক্ষায় অংশ নেওয়ার অনুমতি নেয়।
অগস্ত্যর বাবা অশ্বিনী কুমার বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশগ্রহণের জন্য তার বিশেষ কোনো অনুমতি নেওয়ার প্রয়োজন পড়েনি। উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা বলেন, উচ্চমাধ্যমিক পরীক্ষায় অংশ নেওয়ার জন্য শিক্ষার্থীদের সংশ্লিষ্ট বিষয়গুলো সম্পর্কে তথ্য দিতে হয়। শিক্ষার মাধ্যম ও দ্বিতীয় ভাষা সম্পর্কে তথ্য দিতে হয়। তবে বয়স কোনো ব্যাপার নয়। এসএসসি পরীক্ষার তথ্যও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড যাচাই-বাছাই করে।
সেন্ট মেরিস জুনিয়র কলেজে অগস্ত্য জয়শওয়ালের বিষয় ছিল পৌরনীতি, অর্থনীতি, বাণিজ্য। হায়দরাবাদের জুবিলি হিলের চৈতন্য জুনিয়র কালাসালাতে পরীক্ষার কেন্দ্র ছিল অগস্ত্যর।