একে অপরকে অধিকারভঙ্গের নোটিশ দিল বিজেপি-কংগ্রেস

রাফায়েল যুদ্ধবিমান কেনাবেচাকে কেন্দ্র করে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামনের বিরুদ্ধে অধিকারভঙ্গের নোটিশ দিল কংগ্রেস। আজ বুধবার লোকসভায় এই নোটিশের পাশাপাশি বিজেপির পক্ষেও কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর বিরুদ্ধে একই ধরনের নোটিশ দেওয়া হয়। লোকসভার স্পিকার সুমিত্রা মহাজন দুটি নোটিশই বিবেচনার জন্য গ্রহণ করেছেন।
কংগ্রেসের অভিযোগ, অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনার দিন রাফায়েল যুদ্ধবিমান কেনাবেচার বিষয়ে নরেন্দ্র মোদি ও নির্মলা সীতারামন তথ্য গোপন করে সভার অধিকার ভঙ্গ করেছেন। চুক্তির গোপনীয়তার কথা জানিয়ে কত দামে রাফায়েল কেনা হয়েছে, সেই তথ্য জানাতে তাঁরা অস্বীকার করেন। কংগ্রেসের অভিযোগ, বাণিজ্যিক বিষয় গোপন রাখার কথা চুক্তিতে থাকতে পারে না। প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রী দুজনই ভুল তথ্য দাখিল করে সভাকে বিভ্রান্ত করেছেন।
পাশাপাশি বিজেপি সদস্যদের অভিযোগ, প্রধানমন্ত্রী ও প্রতিরক্ষামন্ত্রীর বিরুদ্ধে অসত্য অভিযোগ এনে রাহুল গান্ধী বিভ্রান্তি সৃষ্টি করতে চেয়েছেন। অনাস্থা প্রস্তাব নিয়ে আলোচনায় রাহুল বলেছিলেন, তাঁর সঙ্গে ফরাসি প্রেসিডেন্টের কথা হয়েছিল। ফরাসি প্রেসিডেন্ট তাঁকে বলেছিলেন, বাণিজ্যিক তথ্য গোপনের মতো কিছু রাফায়েল চুক্তিতে নেই।
রাফায়েল নিয়ে কংগ্রেস-বিজেপির চাপান-উতরে বিরাম নেই। সরকারকে কটাক্ষ করে রাহুল এক টুইট করেছেন। তাতে লিখেছেন, ২০১৪ সাল থেকে দেশে চারজন প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব পালন করেছেন। কিন্তু তাঁদের একজনও জানেন না ফ্রান্স সফরের সময় রাফায়েল নিয়ে কী হয়েছিল। জানেন শুধু প্রধানমন্ত্রী। কিন্তু তিনি মুখ খুলবেন না!
নরেন্দ্র মোদি ২০১৪ সালে সরকার গড়ার সময় অরুণ জেটলি অর্থের সঙ্গে প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বও পালন করেছিলেন। এরপর মনোহর পারিক্কর প্রতিরক্ষামন্ত্রীর দায়িত্ব নেন। সেই দায়িত্ব ছেড়ে তিনি গোয়ার মুখ্যমন্ত্রী হয়ে যাওয়ার পর জেটলি আরও একবার প্রতিরক্ষার দায়িত্বে আসেন। কিছুদিন পর পুরো সময়ের জন্য ওই মন্ত্রণালয়ের দায়িত্ব নেন নির্মলা সীতারামন। রাহুলের দাবি, এঁদের কেউই জানেন না ফ্রান্স সফরের সময় রাফায়েল নিয়ে মোদি ঠিক কী সিদ্ধান্ত নিচ্ছেন। গতকাল মঙ্গলবার কংগ্রেস নেতা ও সাবেক প্রতিরক্ষামন্ত্রী এ কে অ্যান্টনি সংবাদ সম্মেলন করে জানান, ২০০৮ সালে রাফায়েল নিয়ে যে চুক্তি হয়েছিল, তাতে বাণিজ্যিক বিষয়ের তথ্য গোপনের কোনো শর্ত ছিল না। সেই শর্ত রাখাও যায় না। কারণ, কত দামে কটা যুদ্ধবিমান কেনা হচ্ছে, তা জানার অধিকার জনগণের রয়েছে। সরকারও সেই তথ্য জানাতে বাধ্য।