এখন নির্বাচন হলে আসন কমবে বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এই মুহূর্তে ভারতের সংসদ লোকসভার নির্বাচন হলে কমবে দেশটিতে ক্ষমতাসীন বিজেপির ভোট। এককভাবে ক্ষমতায় যেতে পারবে না দলটি। যেতে হবে জোট করে এনডিএর সঙ্গে। পাশাপাশি এখনই ভোট হলে জিততে পারবে না কংগ্রেস বা কংগ্রেসের নেতৃত্বাধীন ইউপিএ জোটও। তবে তাদের ভোট বাড়বে।

এবিপি নিউজ- লোকনীতি-সিএসডিএসের সাম্প্রতিক জরিপে উঠে এসেছে এই তথ্য। জরিপের ফলাফল আজ শুক্রবার প্রকাশিত হয়েছে সংবাদমাধ্যমে। ভারতের ১৯টি রাজ্যের ১৭৫টি আসনের ভোটারদের মাঝে এই জরিপ চালানো হয়।

জরিপে বলা হয়, গত বছরের মে মাসেও একই ধরনের জরিপ চালানো হয়েছিল। ওই জরিপে বলা হয়েছিল, বিজেপির জনপ্রিয়তা বাড়ছে। কিন্তু আট মাস পর পরিচালিত এই জরিপে দেখা গেল, বিজেপির জনপ্রিয়তা কমছে। মে মাসের জরিপে বলা হয়েছিল, বিজেপিকে পছন্দ করে ৩৯ শতাংশ মানুষ। এবার দেখা দেখা গেছে সেই জনপ্রিয়তা কমে দাঁড়িয়েছে ৩৪ শতাংশে। ২০১৪ সালে ক্ষমতায় আসার সময় বিজেপি ভোট পেয়েছিল ৩১.৩৪ শতাংশ। জরিপে বলা হয়, এখন ভোট হলে বিজেপি এককভাবে পেতে পারে ২৬০ আসনের আশপাশে। সরকার গড়তে প্রয়োজন ২৭৮টি আসন। লোকসভায় রয়েছে ৫৪৩টি আসন। তবে বিজেপির নেতৃত্বে গড়া এনডিএ ফের ক্ষমতায় আসতে পারে বলে ইঙ্গিত দিয়েছে এই জরিপ। তবে বিজেপি একা পারবে না। সে ক্ষেত্রে বিজেপির নেতৃত্বাধীন এনডিএসহ এই জোট পেতে পারে ৩০১টি আসন। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে বিজেপি একা পেয়েছিল ২৮২টি আসন। এর ফলে ২০১৪ সালের তুলনায় এবার এনডিএর আসন কমতে পারে ৩৪টি।

অন্যদিকে কংগ্রেসের জনপ্রিয়তা বেড়েছে গত আট মাসে। মে মাসে পরিচালিত সমীক্ষার চেয়ে ভোট বেড়েছে ১১ শতাংশ। আর ২০১৪ তুলনায় বেড়েছে ২০ শতাংশ। জরিপে বলা হয়, এখন নির্বাচন হলে কংগ্রেস পেতে পারে একাই ১২৭টি আসন। গত ২০১৪ সালের নির্বাচনে কংগ্রেস পেয়েছিল মাত্র ৪৪টি আসন। সমীক্ষায় বলা হয়েছে, মোদির নোট বাতিল, জিএসটি চালু, আধারকে ব্যাংকে সংযুক্তিকরণ ইত্যাদি ইস্যুকে মানুষ ভালোভাবে নেয়নি। এ ছাড়া মোদির ঘোষণা মতে ভারতে ’আচ্ছাদিন’ ফিরে না আসা মোদির জনপ্রিয়তায় ভাটার অন্যতম কারণ।

পশ্চিমবঙ্গের সম্ভাব্য নির্বাচনী ফলাফল নিয়ে আজ প্রকাশিত জরিপে বলা হয়েছে, পশ্চিমবঙ্গে মমতার জনপ্রিয়তা বেড়েছে। গত বছর মে মাসে পশ্চিমবঙ্গের ১৩ শতাংশ মানুষ মমতাকে প্রধানমন্ত্রী হিসেবে চেয়েছিলেন। এবারের জরিপে বলা হয়েছে, এখন মমতাকে প্রধানমন্ত্রী পদে চাইছেন ২৯ শতাংশ মানুষ। জরিপে আরও বলা হয়, এখন ভোট হলে রাজ্যের ৪২ শতাংশ মানুষ তৃণমূলকে ভোট দেবেন। গত মাসের জরিপে বলা হয়েছিল রাজ্যের ৩৭ শতাংশ মানুষ তৃণমূলকে ভোট দেবেন। এবারে এই জরিপ চালানো হয় রাজ্যের ১ হাজার ১৩৮ জন ভোটারের মধ্যে।

২০১৪ সালের লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের ৪২টি আসনের মধ্যে তৃণমূল পেয়েছিল ৩৪টি। কংগ্রেস ৪টি, বামফ্রন্ট ২টি এবং বিজেপি ২টি আসন পায়।