এখন নির্বাচন হলে বিজেপিই জিতবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঠিক এ মুহূর্তে যদি ভারতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয় তাহলে ক্ষমতাসীন বিজেপির নেতৃত্বাধীন এনডিএ সরকার লোকসভার ৩০৪টি আসন পাবে। এই সংখ্যা সর্বশেষ নির্বাচনের ৩৩৬-এর চেয়ে কম হলেও সরকার গঠনের জন্য যথেষ্ট। নতুন এক জনমত সমীক্ষায় এ আভাস মিলেছে। ভারতের প্রভাবশালী ইংরেজি সাময়িকী ইন্ডিয়া টুডে ও কারভি ইনসাইটস এই সমীক্ষা পরিচালনা করেছে।

নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন বিজেপি সরকার ক্ষমতায় আসার পর দুই বছরের বেশি সময় চলে গেছে। ২০১৪ সালের সর্বশেষ লোকসভা নির্বাচনে লোকসভার ৫৪৪টি আসনের মধ্যে এনডিএ পেয়েছিল ৩৩৬টি। সমীক্ষায় প্রধানমন্ত্রী মোদির বিপুল জনপ্রিয়তা অটুট থাকার ইঙ্গিত মিলেছে। দেখা যাচ্ছে, এখনো ভারতের ৫০ শতাংশ লোক মোদিকে প্রধানমন্ত্রী হিসাবে চান। আর মাত্র ১৩ শতাংশ চাইছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধীকে। তাঁদের পরে আছেন কংগ্রেস নেত্রী সোনিয়া গান্ধী এবং আম আদমি পার্টির নেতা অরবিন্দ কেজরিওয়াল।

জরিপে চলতি প্রধানমন্ত্রী হিসেবে মোদি জনপ্রিয় হলেও ভারতের সেরা প্রধানমন্ত্রীর তালিকায় তাঁর নাম তৃতীয় স্থানে। সেখানে শীর্ষে আছেন প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী আর দ্বিতীয় স্থানে আছেন বিজেপি নেতা অটল বিহারি বাজপেয়ি।

ভারতের ১৯টি রাজ্যের ৯৭টি লোকসভা আসনের ১২ হাজার ভোটারের মধ্যে এই সমীক্ষা চালানো হয় গত ১৫ জুলাই থেকে ২৭ জুলাই পর্যন্ত।