এখন নির্বাচন হলে মোদিই জিতবেন
ভারতে এখন নির্বাচন হলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিই পুনরায় নির্বাচিত হবেন। টাইমস অব ইন্ডিয়াসহ দেশটির নয়টি ভাষায় নয়টি প্রভাবশালী পত্রিকার ওয়েবসাইটে পরিচালিত সমীক্ষায় এ তথ্য উঠে এসেছে। সমীক্ষায় বলা হয়েছে, ক্ষমতায় থাকার তিন বছর পরও মোদির জনপ্রিয়তায় ভাটা পড়েনি। এখন নির্বাচন হলে গত নির্বাচনের চেয়ে বেশি ভোটে জিতবেন তিনি।
ইংরেজি, হিন্দি, বাংলা, মারাঠি, গুজরাটি, তামিল, তেলেগু, কন্নড় ও মালায়লাম—এই নয়টি ভাষায় সমীক্ষা চালানো হয়। ‘মোদির তিন বছর, জনগণ কী ভাবছে’—শীর্ষক এই সমীক্ষার প্রথম প্রশ্ন ছিল, মোদি সরকারের এই তিন বছরের কাজকর্ম কীভাবে মূল্যায়ন করেছেন?
এই প্রশ্নের উত্তরদাতাদের ৩৯ শতাংশ বলেন, খুব ভালো কাজ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ২৯ শতাংশ বলেছেন—ভালো। ১৫ শতাংশ বলেছেন, সাধারণ কাজ হয়েছে। আর ১৭ শতাংশ বলেছেন খারাপ কাজ হয়েছে।
এই তিন বছরে মোদির জনপ্রিয়তা কি কমেছে?—এই প্রশ্নের উত্তরদাতাদের ৬৭ শতাংশই বলেছেন, জনপ্রিয়তা বেড়েছে। ১৯ শতাংশ বলেছেন, কমেছে।
নোট বাতিল করার মাধ্যমে কী কালো টাকা রোধ করা গেছে—এই প্রশ্নের উত্তরদাতাদের ৪১ শতাংশই বলেছেন, অত্যন্ত কার্যকর সিদ্ধান্ত ছিল এটি। ২২ শতাংশ বলেছেন, এটি একটি অকার্যকর সিদ্ধান্ত ছিল।
শেষ প্রশ্ন ছিল, এই মুহুর্তে নির্বাচন হলে মোদির ভাগ্যে কী ঘটবে? এ প্রশ্নের উত্তরদাতাদের ৫৭ শতাংশই বলেছেন, ২০১৪ সালের চেয়ে ভাল ফল করবেন মোদি। ২৬ শতাংশ বলেছেন, মোদির ফল খারাপ হবে। আর ১৭ শতাংশ বলেছেন, ২০১৪ সালের মতই ফল করবেন মোদি।
কলকাতা থেকে প্রকাশিত টইমস অব ইন্ডিয়ার বাংলা দৈনিক ‘এই সময়’ তাদের ওয়েব সাইটে এই সমীক্ষার ফল প্রকাশ করে গতকাল মঙ্গলবার রাতে।
২০১৪ সালের লোকসভা নির্বাচনে বিপুল ভোটে জয়ী হয়ে বিজেপির নেতা নরেন্দ্র মোদি ভারতের প্রধানমন্ত্রী হন। দুই বছর পর ২০১৯ সালে ভারতের পরবর্তী লোকসভা নির্বাচন হবে।