এখন পশ্চিমবঙ্গ ভাগের রাজনীতি

পশ্চিমবঙ্গ ভাগের দাবির পেছনে কেন্দ্রীয় বিজেপির কতটা মদদ রয়েছে, সেটা একটা প্রশ্ন। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক মনে করছেন।

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে হারার পর ভারতীয় জনতা পার্টির (বিজেপি) কিছু নেতা পশ্চিমবঙ্গকে ভেঙে একাধিক রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল তৈরি করার দাবি তুলেছেন। তিনটি এই ধরনের দাবি উঠেছে। এই দাবির প্রথমটি করেছেন উত্তরবঙ্গের আলিপুরদুয়ার লোকসভা কেন্দ্রের এমপি জন বারলা। তিনি কয়েকবার প্রচারমাধ্যমে বলেছেন, উত্তরবঙ্গের অনুন্নয়ন দূর করতে নতুন রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল প্রয়োজন। বিষ্ণুপুরের এমপি সৌমিত্র খান দাবি তুলেছেন, জঙ্গলমহলসহ আদিবাসী-অধ্যুষিত রাঢ় বাংলার জেলাগুলো নিয়ে পৃথক রাজ্য গড়া হোক। এর পেছনে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের কতটা মদদ রয়েছে, সেটা একটা প্রশ্ন। অনেকেই বিষয়টিকে রাজনৈতিক মনে করছেন।

বিষয়টি নিয়ে আলোচনা বাড়ছে এবং নেতৃত্বের একাংশ মনে করছে বিজেপি নয়, এর ফলে লাভ হচ্ছে তৃণমূল কংগ্রেসের। ইতিমধ্যেই রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন, তিনি ‘আবার বাংলা ভাগ হতে দেবেন না।’ দুই বিজেপি এমপির বিরুদ্ধে মামলাও করেছে তৃণমূল। এই বিষয়ে বারলাকে ফোন করা হলে তিনি কিছু বলতে চাননি। সৌমিত্র সংবাদমাধ্যমকে বলেছেন, দাবিটি তাঁর ব্যক্তিগত, দলের নয়।

এই নতুন দাবির কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। এটা নিয়ে স্টেটস রি-অর্গানাইজেশন অ্যাক্ট ১৯৫৬-এ কী বলা হয়েছে, তা দেখতে হবে। এটা একটা রাজনৈতিক বিষয় বলেই মনে হয়।
অশোক গাঙ্গুলি, সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি

বিষয়টি অস্বস্তিকর হয়ে উঠছে বুঝতে পেরে মঙ্গলবার বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ‘বিজেপি বাংলা ভাগের বিপক্ষে,

এটাই পার্টির নীতি। দলের প্রত্যেককে এই নীতি মানতে হবে।’

অভিজ্ঞ সাংবাদিক গৌতম সরকার উত্তরবঙ্গের নানান বিষয় নিয়ে চর্চা করছেন কয়েক দশক ধরে। তিনি বললেন, দাবিটি জোরালো হলে বিজেপির লাভ নয়, ক্ষতি। তাঁর ভাষ্য, ‘উত্তরবঙ্গেই পাকিস্তান থেকে আসা প্রচুর মানুষ রয়েছেন, তাঁরা এটা ভালোভাবে নেবেন না। আর দক্ষিণবঙ্গে তৃণমূল তো ইতিমধ্যেই এটাকে কাজে লাগাচ্ছে। এটা বাড়লে বাঙালির ভাবাবেগে আঘাত লাগতে পারে, মানুষ বিজেপির বিরুদ্ধে একজোট হয়ে জেতে পারেন। সেটা মাথায় রেখেই দিলীপ ঘোষ প্রস্তাবের বিরোধিতা করেছেন।’

বস্তুত, দাবিগুলোর কোনো ভিত্তি আছে কি না, তা-ও একটা প্রশ্ন। সুপ্রিম কোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অশোক কুমার গাঙ্গুলি প্রথম আলোকে বলেন, ‘এই নতুন দাবির কোনো ভিত্তি আছে বলে মনে হয় না। এটা নিয়ে স্টেটস রি-অর্গানাইজেশন অ্যাক্ট ১৯৫৬-এ কী বলা হয়েছে, তা দেখতে হবে। এটা একটা রাজনৈতিক বিষয় বলেই মনে হয়।’

তবে আইন বিশেষজ্ঞ বা বিজেপির সভাপতি যা-ই বলুন, এই ধরনের দাবি থামছে না। মঙ্গলবারই দক্ষিণবঙ্গের নদীয়া জেলার হরিণঘাটার বিজেপি এমএলএ অসীম সরকার দাবি করেছেন, তফসিলি জাতিভুক্ত নমশূদ্র সম্প্রদায়ের ধর্মীয় গোষ্ঠী মতুয়াদের নিয়ে পৃথক নদিয়া রাজ্য গঠন করতে হবে। অর্থাৎ গত মে মাসে নির্বাচনে হারার পর পশ্চিমবঙ্গকে চার ভাগে ভাগ করার প্রস্তাব দিয়েছেন বিজেপির নেতারা। উত্তরবঙ্গ, রাঢ় বাংলা, নদীয়া রাজ্য। এ ছাড়া রয়েছে বর্তমানের পশ্চিমবঙ্গ।

নিরাপত্তা ‘অত্যন্ত দুর্বল’

ভারতের অভ্যন্তরীণ নিরাপত্তার প্রশ্নে রাজ্যের সীমান্তবর্তী জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের যে একটা প্রয়োজন রয়েছে, তা মনে করেন নিরাপত্তা বিশেষজ্ঞদের একাংশ। কর্নেল (অবসরপ্রাপ্ত) দীপক কুমার ভট্টাচার্য হিন্দু জাতীয়তাবাদী ভাবধারায় বিশ্বাসী একটি সর্বভারতীয় সংগঠনের পশ্চিমবঙ্গ শাখা সীমান্ত চেতনা মঞ্চের রাজ্য সভাপতি। সংগঠনটি সীমান্তবর্তী এলাকায় কাজ করে। কর্নেল ভট্টাচার্য বলছিলেন, মালদার ওপরে উত্তরবঙ্গে যে জেলাগুলো রয়েছে, তা নিরাপত্তার দিক থেকে ‘অত্যন্ত দুর্বল’।

‘বিশ্বে ভূরাজনীতির পরিবর্তন ঘটছে, এশিয়াও প্রভাবিত হচ্ছে, বিশেষত বাংলায়, যেখানে ঠিক মাথার ওপরে রয়েছে চীন। এই যে “চিকেন’স নেক করিডর” (নেপাল ও বাংলাদেশের মধ্যে ২০ কিলোমিটারের একফালি জমি, যা অবরুদ্ধ হলে উত্তরবঙ্গ ও কলকাতা বিচ্ছিন্ন হয়ে যাবে), তা অত্যন্ত বিপজ্জনক অবস্থায় রয়েছে। পশ্চিমবঙ্গের রাজনীতি এখন যেকোনো দিকেই যেতে পারে। এই অবস্থায় চীন আক্রমণ করলে এবং করিডর বিচ্ছিন্ন হলে অবস্থা সামাল দেওয়া মুশকিল। এটি কেন্দ্রশাসিত অঞ্চল হলে ভারতের সুবিধা।’ বললেন কর্নেল ভট্টাচার্য।

মালদার ওপর থেকে সাতটি জেলা নিয়ে কেন্দ্রশাসিত অঞ্চল গঠনের কথা অনেকে অনেক দিন ধরেই বলছেন। এই জেলাগুলো হলো উত্তর ও দক্ষিণ দিনাজপুর, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার, দার্জিলিং ও কালিম্পং। ‘অত ছোট জায়গা, পদুচেরি যদি কেন্দ্রশাসিত অঞ্চল হতে পারে, তবে এই অঞ্চলও হতে পারে,’ বক্তব্য কর্নেল ভট্টাচার্যের। তাঁর মতে, কেন্দ্রশাসিত অঞ্চলে রাজ্যের সঙ্গে কথা না বলে এককভাবে সিদ্ধান্ত নিতে সুবিধা। সে ক্ষেত্রে সেনাবাহিনীকে আরও মসৃণভাবে পরিচালনা করা যায়।

এশিয়ায় চীনকে মোকাবিলা করতে চারটি দেশ ভারত, আমেরিকা, জাপান ও অস্ট্রেলিয়াকে নিয়ে গঠিত রণকৌশলগত জোট ‘কোয়াড’ গঠিত হওয়ার পর দক্ষিণ এশিয়ায় চীনের গতিবিধি বেড়েছে। ‘চীন বাংলাদেশকেও চাপে রাখার চেষ্টা করছে, যাতে তারা কোয়াডে যোগ না দেয়। মনে রাখতে হবে, উত্তরবঙ্গের অনেকটাই বাংলাদেশের লাগোয়া। এ ছাড়া দার্জিলিংয়ে গুর্খাদের আন্দোলন মাঝেমধ্যেই মাথাচাড়া দেয়। ফলে, উত্তরবঙ্গ কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত হলে সেটা নিরাপত্তার জন্য ভালো।’ বললেন কর্নেল ভট্টাচার্য।

বিজেপির এত কর্মী-সমর্থককে কিছু না দিয়ে কীভাবে দলে ধরে রাখা সম্ভব? এই অবস্থায় যদি একটা ইস্যু তৈরি করা যায়, তাহলেই হয়তো নেতা-কর্মীদের একাংশকে ধরে রাখা যাবে।
গৌতম সরকার, জ্যেষ্ঠ সাংবাদিক

কারণটি আসলে রাজনৈতিক

সাংবাদিক গৌতম সরকার মনে করেন, আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের দাবি এখন ওঠার কারণ রাজনৈতিক। ‘বিধানসভা নির্বাচনে বিজেপি উত্তরবঙ্গে প্রচুর আসন পেয়েছে (মুর্শিদাবাদ, মালদা বাদ দিয়ে ৪২টির মধ্যে ২৬টি)। তৃণমূল এখন এদের আর কিছুই করতে দেবে না। প্রশাসনিক বা উন্নয়নবিষয়ক বৈঠকে ডাকবে না। কেউ তো আর আদর্শের জন্য রাজনীতি করেন না, বিজেপির এত কর্মী-সমর্থককে কিছু না দিয়ে কীভাবে দলে ধরে রাখা সম্ভব? এই অবস্থায় যদি একটা ইস্যু তৈরি করা যায়, বলা যায়, আগামী দিনে নতুন রাজ্য বা অঞ্চল হবে, কারণ, কেন্দ্রে বিজেপি ক্ষমতায় রয়েছে, তাহলেই হয়তো নেতা-কর্মীদের একাংশকে ধরে রাখা যাবে,’ বললেন গৌতম সরকার। কেন্দ্রশাসিত অঞ্চল হলে করিডর সমস্যার সমাধান হবে অথচ রাজ্য অবিভক্ত থাকলে হবে না, এটাও তিনি মনে করেন না।

উত্তরবঙ্গে কংগ্রেসের রাজ্যসভার সাবেক এমপি ও বিধানসভার সাবেক সদস্য দেবপ্রসাদ রায় মনে করেন, কেন্দ্রীয় স্তরে বিজেপি দাবিটিকে হয়তো খুব গুরুত্ব দিচ্ছে না। ‘আলাদা রাজ্যের দাবি বারবারই উত্তরবঙ্গে উঠেছে। এখানে বিরাটসংখ্যক রাজবংশী সম্প্রদায়ের মানুষ রয়েছেন, ফলে কখনো কামতাপুর পিপলস পার্টি এই ইস্যুকে সামনে এনেছে, কখনো আনা হয়েছে গ্রেটার কামতাপুর আন্দোলনের মাধ্যমে। যেহেতু অতীতে বিজেপির শাসনকালে অন্য বড় রাজ্য ভেঙে ছোট রাজ্য হয়েছে, সেহেতু দীর্ঘদিনের এই দাবিকে বিজেপি বাস্তবায়ন করবে, এটা একটা ধারণা। বিজেপি ইস্যুটিকে গুরুত্ব দিলে কোনো রাজবংশী নেতাকে দিয়ে বিষয়টি সামনে আনত, বারলাকে দিয়ে নয়,’ বললেন দেবপ্রসাদ। বারলা আদিবাসী সম্প্রদায়ের নেতা, রাজবংশীরা বাংলায় তফসিলি জাতিভুক্ত।

এদিকে আলাদা রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চলের জল্পনাকে কিছুটা উসকে দিয়েছেন রাজ্যের সরকারপ্রধান রাজ্যপাল জগদীপ ধনখড়। দিল্লিতে স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে বৈঠক সেরে ফিরেই তিনি সাত দিনের জন্য গত সোমবার উত্তরবঙ্গ সফরে গিয়েছেন, সেখানকার নেতা-নেত্রী ও প্রশাসনিক কর্তাদের সঙ্গে বৈঠকও করছেন। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, তবে কি নিরাপত্তার স্বার্থে রাজ্যে রাষ্ট্রপতি শাসন জারি করে উত্তরবঙ্গের একাংশকে কেন্দ্রশাসিত অঞ্চলে পরিণত করা হবে? যেমনটা ২০১৯-এর আগস্ট মাসে হয়েছিল জম্মু-কাশ্মীরে। বিষয়টি নিয়ে কেন্দ্রের বিবৃতির দিকে তাকিয়ে পশ্চিমবঙ্গ।