এখনই জোট ছাড়ছে না শিব সেনা
মহারাষ্ট্রে বিজেপির সঙ্গ ত্যাগ করলেও শিব সেনা এখনই এনডিএ জোট ছাড়ছে না। শিব সেনাপ্রধান উদ্ধব ঠাকরে গতকাল মঙ্গলবার মুম্বাইয়ে এই আভাস দিয়েছেন। গত সোমবার তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী দেশে ফিরলেই কেন্দ্রীয় সরকারে সেনার একমাত্র মন্ত্রী অনন্ত গীতে ইস্তফা দেবেন।
উদ্ধবের ওই ঘোষণার ফলেই জল্পনা হচ্ছিল, শিব সেনা মন্ত্রিসভা ছাড়লে এনডিএ জোটত্যাগ কিংবা সরকারের ওপর থেকে সমর্থনও তুলে নিচ্ছে কি না। উদ্ধবের গতকালের কথায় মনে হচ্ছে, রাজ্যে জোট ছাড়লেও বিজেপি-সঙ্গ শিব সেনা এখনই পুরোপুরি ত্যাগ করছে না।
যুক্তরাষ্ট্র থেকে দেশে ফেরার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির চেতনা আচ্ছন্ন থাকবে মহারাষ্ট্র ও হরিয়ানা নিয়ে। এই দুই রাজ্যে একার জোরে বিজেপিকে ক্ষমতায় আনাই মোদির আগামী মাসের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। ভোটের তারিখ ১৫ অক্টোবর। ফল ১৯ তারিখে।
এত গুরুত্বপূর্ণ কেন এই দুই রাজ্যের নির্বাচন? কারণ, দুই রাজ্যেই বিজেপি একার শক্তিতে লড়াইয়ের সিদ্ধান্ত নিয়েছে। কুলদীপ বিষ্ণোইয়ের হরিয়ানা জনহিত কংগ্রেসের সঙ্গে জোট তিন বছরের হলেও মহারাষ্ট্রে শিব সেনার সঙ্গে বিজেপির জোট ছিল ২৫ বছরের। একা লড়ে সরকার গড়তে না পারলে এই সিদ্ধান্ত পড়ে যাবে প্রশ্নের মুখে। মোদি-শাহ জুটিকেও পড়তে হবে চাপে। বিজেপির শীর্ষ নেতৃত্ব তাই কোমর বেঁধে নামছে।
লোকসভা ভোটে মহারাষ্ট্রে মোদি ১৫টি জনসভা করেছিলেন। এবার রাজ্য নেতৃত্ব অন্তত ২০টি জনসভা করতে চাইছে। হরিয়ানাতেও কম করে পাঁচটি জনসভার আয়োজন করা হচ্ছে। রাজ্য বিধানসভার ভোট হলেও গত সংসদ নির্বাচনের মতোই সব প্রচারে বিজেপির একমাত্র হাতিয়ার স্বয়ং প্রধানমন্ত্রী মোদির ভাবমূর্তি। রেডিও, টেলিভিশন, সামাজিক যোগাযোগের মাধ্যমসহ সবখানেই বড় করে তুলে ধরা হচ্ছে মোদির ভাবমূর্তি ও কেন্দ্রে তাঁর নতুন সরকারের ‘কর্মযজ্ঞের ফিরিস্তি’।