এখনো অশান্ত দার্জিলিং
এখনো অশান্ত ভারতের পশ্চিমবঙ্গের পার্বত্য এলাকা দার্জিলিং। আজ শনিবার গোটা দার্জিলিংয়ে কয়েক হাজার মানুষ পৃথক রাজ্য গোর্খাল্যান্ডের দাবিতে মিছিল করেছে। সিংমারি, পাতলেবাস, টয়ট্রেন স্টেশনসহ বিভিন্ন এলাকা থেকে মিছিল বের হয়ে চকবাজারে জমায়েত হয়। সেখানে আয়োজিত প্রতিবাদ সমাবেশ থেকে পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবি ওঠে। মিছিল হয়েছে কার্শিয়াং, কালিম্পং এবং মিরিক শহরেও।
এদিকে দার্জিলিংয়ের অনির্দিষ্টকালের বনধ আজ ১৩ দিনে পা দিয়েছে। এই বনধকে আরও জোরদার করার জন্য জনমুক্তি মোর্চা আবেদন জানিয়েছে। এদিকে সম্প্রতি অনুষ্ঠিত হওয়া কালিম্পং পৌরসভার জয়ী দুই তৃণমূল কাউন্সিলর আজ তৃণমূল ছেড়ে জনমুক্তি মোর্চায় যোগ দিয়েছেন।
দার্জিলিংয়ের জেলা প্রশাসক এক নির্দেশিকা জারি করে জেলার সব সরকারি দপ্তরে কর্মরত অফিসারদের আগামী ৫ জুলাই পর্যন্ত দার্জিলিং না ছাড়ার নির্দেশ জারি করেছেন। বলা হয়েছে, ছুটি নিতে হলে লিখিত অনুমতি নিতে হবে।
এদিকে সিকিমের মুখ্যমন্ত্রী পবন চামলিং পৃথক গোর্খাল্যান্ড রাজ্যের দাবিকে সমর্থন করায় ক্ষুব্ধ হয়েছে পশ্চিমবঙ্গ সরকার। এই পরিস্থিতির মাঝেই গতকাল দুপুর থেকে শিলিগুড়ি থেকে সিকিম যাওয়ার সব যানবাহন বন্ধ করে দিয়েছে সিকিমের পর্যটন দপ্তর। দার্জিলিং যেতে না পেরে বহু পর্যটক এখন সিকিম ভ্রমণ শুরু করেছেন। এই লক্ষ্যে শিলিগুড়ির সিকিম বাসস্ট্যান্ডে সিকিম না যাওয়ার নোটিশও টাঙিয়ে দেওয়া হয়েছে।