এগিয়ে বিজেপি, পাল্টে যাবে সমীকরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বুথফেরত ভোটার জরিপ অনুযায়ী উত্তর প্রদেশে সরকার গড়ার সম্ভাবনা সবচেয়ে উজ্জ্বল ভারতের শাসক দল বিজেপির। প্রতিটি জরিপেই গরিষ্ঠ দল হিসেবে উঠে এসেছে বিজেপি। দ্বিতীয় দল সমাজবাদী পার্টি কংগ্রেস জোট, বহুজন সমাজ পার্টি তৃতীয় শক্তি। পাঁচ রাজ্যের ভোটের ফল প্রকাশিত হবে শনিবার। এবার পাঁচ রাজ্যে বিজেপি ভালো ফল করলে পাল্টে যাবে ভারতের অনেক রাজনৈতিক সমীকরণ। রাষ্ট্রপতি থেকে রামমন্দির পর্যন্ত সর্বত্র এর প্রভাব পড়বে।
বুথফেরত জরিপ সত্য হলে উত্তর প্রদেশে সমাজবাদী পার্টির সঙ্গে জোট সত্ত্বেও কংগ্রেসের ফল খুবই খারাপ হতে চলেছে। তবে পাঞ্জাবে অকালি-বিজেপি সরকারকে সরিয়ে কংগ্রেসের ক্ষমতা দখলের সম্ভাবনা রয়েছে। বুথফেরত জরিপে তারা এগিয়ে। উত্তরাখন্ডেও বিজেপির চাপে শাসক কংগ্রেস বেকায়দায়। একই হাল মণিপুরে। এই রাজ্যে কংগ্রেস একক গরিষ্ঠতা পেয়ে সরকার গড়লেও সেখানে এই প্রথম বিজেপি প্রবলভাবে উঠে এসেছে। গোয়ায় শিবসেনা-মহারাষ্ট্র গোমন্তক পার্টি জোট ও আম আদমি পার্টি যথাক্রমে বিজেপি ও কংগ্রেসের ভোটে ভাগ বসিয়েছে। তাদের সমর্থন ছাড়া সরকার গঠন কঠিন হতে পারে।
তবে সবার নজর উত্তর প্রদেশের দিকে। প্রায় ১৫ বছর পর এই রাজ্যে বিজেপি ফের সরকার গড়তে পারবে কি না, আকর্ষণ ছিল সেটাই। তিন বছর আগের মোদি-ম্যাজিক ৫০০ ও ১০০০ রুপির নোট বাতিলের পরও ভোটারদের মধ্যে মায়াজাল বিছায় কি না, সেদিকেই ছিল সবার নজর। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও বিজেপির সভাপতি অমিত শাহ জুটির মাছের চোখও ছিল উত্তর প্রদেশে। সাত দফা ভোটের আগাগোড়া এই দুজন যেভাবে গোটা রাজ্যে প্রচারের ঝড় বইয়ে দেন, তাতেই বোঝা যায় যে এই লড়াইয়ে বিজেপি হারার জন্য নামেনি। শেষ দফায় নিজের নির্বাচনী কেন্দ্র বারানসিতে মোদি টানা তিন দিন শিবির গেড়ে ছিলেন। এত সত্ত্বেও বুথফেরত জরিপে সবাই বিজেপিকে নিরঙ্কুশ গরিষ্ঠতা দেয়নি। টাইমস নাউ-ভিএমআরের বুথফেরত জরিপ বিজেপিকে ১৯০-২১০ আসন দিলেও ইন্ডিয়া নিউজ-এমআরসি ১৮৫ আসন দিয়েছে। এনডিটিভি-অ্যাক্সিস জরিপে বিজেপির আসন ১৭৯, সমাজবাদী-কংগ্রেস জোট ১৩৭, বহুজন সমাজ পার্টিকে ৭৭ আসন দিয়েছে। ইন্ডিয়া টুডে-অ্যাক্সিস মাই ইন্ডিয়া, ইন্ডিয়া টিভি-সি ভোটার ও এবিপি নিউজ জরিপ অনুযায়ীও বিজেপি এক নম্বরে। যদিও নিরঙ্কুশ গরিষ্ঠতা থেকে দূরে। উত্তর প্রদেশ বিধানসভার আসন ৪০৩। সরকার গড়তে প্রয়োজন ২০২ আসন।
জাতীয় রাজনীতিতে উত্তর প্রদেশের গুরুত্ব অনেক। বিজেপি এই রাজ্যে সরকার গড়লে নিশ্চিতভাবেই রাষ্ট্রপতি নির্বাচনে তারা নিজেদের পছন্দমতো প্রার্থীকে জেতাতে সফল হবে। তা ছাড়া রাজ্যসভায় শাসকগোষ্ঠীর সঙ্গে বিরোধীদের সংখ্যাগত যে ফারাকটা রয়েছে, তা অনেকটাই ঘুচে যাবে। এর ফলে গুরুত্বপূর্ণ বিল পাস করাতে বিজেপিকে আর বিরোধিতার মুখে পড়তে হবে না।
একক গরিষ্ঠ দল হলেও বিজেপি যদি প্রয়োজনীয় সংখ্যার অভাবে সরকার গড়তে না পারে, তাহলে তাদের অবশ্যই অন্য দলের দিকে তাকাতে হবে। কিন্তু কেউ হাত না বাড়ালে অন্য সম্ভাবনা হলো সমাজবাদী-কংগ্রেস জোটের সঙ্গে বহুজন সমাজ পার্টির হাত মেলানো। মুখ্যমন্ত্রী অখিলেশ সিং বিবিসিকে ইঙ্গিত দিয়েছেন, বৃহত্তর স্বার্থে প্রয়োজনে তাঁরা মায়াবতীকে সরকার গড়তে সমর্থন দিতে পারেন। কারণ, রাষ্ট্রপতি শাসন জারি করে বিজেপি ‘রিমোট কন্ট্রোলের’ মাধ্যমে উত্তর প্রদেশ শাসন করুক তা তিনি চান না। রাজ্য রাজনীতির দুই প্রবল প্রতিপক্ষ তা করে কি না, সেটা বড় প্রশ্ন।
উত্তর প্রদেশ বিজেপির কবজায় এলে শাসক দলের কাছে তা অন্য একটা চ্যালেঞ্জও খাড়া করবে। অযোধ্যায় রামমন্দির নির্মাণ। নির্বাচনী ইশতেহারে বিজেপি রামমন্দির প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছে। বিষয়টি আদালতে বিবেচনাধীন হলেও রাজ্যের হিন্দুত্ববাদী শক্তি বিজেপির ওপর এ নিয়ে চাপ সৃষ্টি করবে। বিজেপি কী করে তার সামাল দেবে, সেটাও দেখার।
অবশ্য এটা বলা উচিত, ভোট নিয়ে বিভিন্ন সমীক্ষা বা জরিপের কার্যকারিতা বারবার প্রশ্নের মুখে পড়েছে। বিহার ও দিল্লি বিধানসভা ভোটে বুথফেরত ভোটার জরিপ সত্য প্রমাণিত হয়নি। এমনকি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন নিয়েও আগাম জরিপের রায় ভুল প্রমাণিত হয়েছে। এ ক্ষেত্রেও যে তা হবে না, জোর দিয়ে তা বলা যায় না।

বুথফেরত জরিপে যে দল এগিয়ে
এনডিটিভি টাইম অব ইন্ডিয়া ইন্ডিয়া টুডে এবিপি
উত্তর প্রদেশ বিজেপি বিজেপি বিজেপি বিজেপি
পাঞ্জাব কংগ্রেস আম আদমি পার্টি আম আদমিপার্টি/কংগ্রেস কংগ্রেস
গোয়া বিজেপি বিজেপি বিজেপি বিজেপি
মণিপুর বিজেপি/কংগ্রেস বিজেপি কংগ্রেস –
উত্তরাখণ্ড বিজেপি বিজেপি/কংগ্রেস বিজেপি বিজেপি