এনআইটি শ্রীনগর থেকে সরবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ন্যাশনাল ইনস্টিটিউট অব টেকনোলজি (এনআইটি) কাশ্মীরের শ্রীনগর থেকে অন্যত্র সরানো হবে না। আন্দোলনকারী ছাত্রদের প্রতিনিধিদলকে গতকাল শনিবার এ কথা স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।
জম্মু-কাশ্মীর রাজ্যের উপমুখ্যমন্ত্রী নির্মল সিং, রাজ্যের শিক্ষামন্ত্রী নঈম আখতার ও কেন্দ্রীয় মানবসম্পদ উন্নয়ন মন্ত্রণালয়ের প্রতিনিধিদের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের বৈঠকে এনআইটি না সরানোর বিষয়টি স্পষ্ট করে দেওয়া হয়। তবে ছাত্র প্রতিনিধিদের বলা হয়েছে, তাঁদের অন্য ন্যায্য দাবিগুলো গুরুত্ব দিয়ে বিবেচনা করা হবে। কাল সোমবার আরও একবার বৈঠক হবে।
টি-টোয়েন্টি বিশ্বকাপ ক্রিকেটে ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচকে ঘিরে ভারতশাসিত কাশ্মীরের গ্রীষ্মকালীন রাজধানী শ্রীনগরের এনআইটি চত্বরে উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে কয়েক দিন ধরে এই শিক্ষাপ্রতিষ্ঠানের কার্যক্রম প্রায় বন্ধ। এনআইটির কাশ্মীরি ছাত্ররা ভারতের পরাজয়ে বাজি পুড়িয়ে ও পাকিস্তানি পতাকা তুলে আনন্দ করতে থাকায় অকাশ্মীরি ছাত্রছাত্রীরা প্রতিবাদ জানান। এতে উত্তেজনা ছড়ায়। প্রায় দেড় হাজার অকাশ্মীরি ছাত্রছাত্রী প্রতিষ্ঠানটি শ্রীনগর থেকে সরিয়ে অন্যত্র নিয়ে যাওয়ার দাবি জানাতে থাকেন।
সরকার থেকে বলা হয়েছে, এনআইটির শিক্ষার্থীদের থাকা-খাওয়ার উন্নতির দিকে নজর দেওয়া হবে। ক্যাম্পাসের ভেতর-বাইরের নিরাপত্তাও বাড়ানো হয়েছে। কিন্তু কোনো অবস্থাতেই এই ক্যাম্পাস অন্যত্র নিয়ে যাওয়ার প্রশ্ন নেই।