ভারতের শাসক দল বিজেপির দলীয় সিদ্ধান্ত স্পষ্ট করে দিয়েছেন সভাপতি অমিত শাহ। সাধারণ মন্তব্যের মধ্য দিয়ে নয়, দলের জাতীয় কর্মসমিতির বৈঠকে রীতিমতো দীর্ঘ বিবৃতি দিয়ে বলেছেন, আসামের নাগরিকপঞ্জি (এনআরসি) তৈরি এবং অনাগরিকদের ফেরত পাঠানোর বিষয়টি নীতিগত সিদ্ধান্ত। এই সিদ্ধান্তের অন্যথা হবে না।
তাঁর ঘনিষ্ঠ ‘মন্ত্রশিষ্য’ দলের সর্বভারতীয় সম্পাদক রাম মাধব তিন ‘ডি’র উল্লেখ করে দলীয় ইতিকর্তব্যের ব্যাখ্যাও শুনিয়ে দিয়েছেন। প্রথম ‘ডি’ হলো ‘ডিটেকশন’। মানে বিদেশিদের চিহ্নিত করা। দ্বিতীয় ‘ডি’র অর্থ ‘ডিলিট’। অর্থাৎ, ভোটার তালিকা থেকে নাম কেটে যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা থেকে ‘বিদেশিদের’ বঞ্চিত করা, যাতে ‘প্রকৃত’ ভারতীয় নাগরিকদের সুখ-স্বাচ্ছন্দ্য বৃদ্ধি পায়। তৃতীয় ‘ডি’ এই প্রক্রিয়ার শেষ ধাপ। ‘ডিপোর্টেশন’। অর্থাৎ, নাগরিকপঞ্জিতে যাঁদের নাম উঠবে না, সেই ‘বিদেশিদের’ বাংলাদেশে ফেরত পাঠানো।
দল হিসেবে বিজেপি নিজেদের এই তিন ‘ডি’র মধ্যেই সীমাবদ্ধ রাখতে রাজি নয়। বিজেপির সদ্য সমাপ্ত জাতীয় কর্মসমিতির বৈঠকে বিষয়টি নিয়ে আলোচনার পাশাপাশি বিভিন্ন রাজ্য নেতৃত্বকে বলা হয়েছে, তাঁরাও যেন নিজ নিজ রাজ্যে এনআরসি তৈরির দাবিতে সরব হন। যে রাজ্যকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের ভবিষ্যৎ দ্বিপক্ষীয় সম্পর্কের ওপর বিরাট এক প্রশ্ন ঝুলে রয়েছে, সেই আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল বিজেপির পরবর্তী পদক্ষেপের কথাটিও স্পষ্ট করে দিয়েছেন। বলেছেন, আসামে যাঁরা ‘বিদেশি’ বলে চিহ্নিত হবেন, তাঁরা যাতে অন্য রাজ্যে গিয়ে সেখানকার প্রকৃত ভারতীয় নাগরিকদের বিড়ম্বনার কারণ না হন, সে জন্য অন্য রাজ্যগুলোতেও এনআরসি তৈরি করা জরুরি।
মজাটা হলো, বিজেপি যা-ই বলুক, সরকার কিন্তু সম্ভাব্য ‘চিহ্নিত বিদেশিদের’ ভবিষ্যৎ নিয়ে একটা শব্দও উচ্চারণ করছে না। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি একটিবারের জন্যও মুখ খোলেননি। মুখে কুলুপ স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও পররাষ্ট্রমন্ত্রী সুষমা স্বরাজেরও। বরং একাধিকবার বাংলাদেশকে নিশ্চিন্ত করে ভারত জানিয়েছে, আসামে যা হচ্ছে তা ভারতের অভ্যন্তরীণ বিষয়।
দিল্লির মানবাধিকার সংগঠনের নেতা ও বর্তমানে জার্মানির হামবুর্গ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক বিদ্যুৎ চক্রবর্তীর মতে, ভারতীয় নাগরিকদের মানবাধিকার রক্ষায় রাজ্যে রাজ্যে এনআরসি তৈরি জরুরি। পার্টিশন অব বেঙ্গল অ্যান্ড আসাম গ্রন্থের এই রচয়িতা শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘দলগতভাবে বিজেপি যা করছে, দেশের স্বার্থে ঠিক। আবার সরকার যে মনোভাব নিয়েছে, সেটাও ভুল নয়। সরকার একবারের জন্যও বলছে না অনাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো হবে। অনাগরিকদের মানবাধিকার লঙ্ঘিত হয় এমন কিছু সরকার করবে না বলেই আমার ধারণা। বলপূর্বক কাউকে কোথাও ফেরত পাঠানো হবে না। কারণ, ভারত আর যা-ই হোক চীন, পাকিস্তান বা মিয়ানমার নয়। ’
এনআরসির মধ্য দিয়ে তিনটি বিষয় স্পষ্ট। প্রথমত, ভারতীয় রাজনীতি ও কূটনীতিতে আগামী দিনে এনআরসি একটা বড় ভূমিকা নিতে চলেছে। দ্বিতীয়ত, প্রথম দুই ‘ডি’, অর্থাৎ ‘বিদেশি’ চিহ্নিতকরণ ও তাঁদের নাম ভোটার তালিকা থেকে বাদ দেওয়া চূড়ান্ত হলেও তৃতীয় ‘ডি’, মানে অনাগরিকদের বাংলাদেশে ফেরত পাঠানো এককথায় অসম্ভব। তৃতীয়ত, দুই দেশের সরকারের কাছে এখনো পর্যন্ত যা ‘অভ্যন্তরীণ’ বিষয়, দল হিসেবে বিজেপি তার সিদ্ধান্তে অটল থাকলে আগামী দিনে এটা দুই দেশের স্বাভাবিক ও বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ক্ষেত্রে ‘চিরন্তন ঘাড়ের ব্যথা’ হয়ে দাঁড়াতে পারে।
দিল্লির গবেষণা সংস্থা ইনস্টিটিউট ফর ডিফেন্স স্টাডিজ অ্যান্ড অ্যানালাইসিসের (আইডিএসএ) গবেষক পুষ্পিতা দাস গতকাল শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘প্রতিবেশীদের মধ্যে বাংলাদেশই ভারতের সবচেয়ে বড় বন্ধু। এনআরসি নিয়ে সেই বন্ধুতায় ফাটল ধরাতে ভারত নিশ্চয় চাইবে না। তা ছাড়া, ৪০ লাখ মানুষকে ধাক্কা দিয়ে বাংলাদেশে পাঠানোও অসম্ভব। বিষয়টি ফরেনারস ট্রাইব্যুনালে যাবেই। এককথায় বহু সময়ের অপেক্ষা। ভারতের উচিত হবে বাংলাদেশের সঙ্গে বিষয়টি নিয়ে কথা বলা। এখনো পর্যন্ত যা ভারত করছে না। ’
মিয়ানমারে ভারতের সাবেক রাষ্ট্রদূত রাজীব ভাটিয়ার মতে, আসামে বাংলাদেশিদের অনুপ্রবেশ একটা ‘অস্বীকৃত সত্য’। বাংলাদেশ আনুষ্ঠানিকভাবে এই সত্যটি স্বীকার করে না ঠিকই, কিন্তু তার অর্থ এই নয় যে সত্যটি মিথ্যা। প্রথম আলোকে তিনি বলেন, ‘এনআরসি চূড়ান্ত হবেই। বহু মানুষ অনুপ্রবেশকারী হিসেবেও চিহ্নিত হবেন। কিন্তু তাঁদের জবরদস্তি ফেরত পাঠানো সম্ভব নয়। আবার আলোচনার মধ্য দিয়েও মীমাংসা হওয়ার সম্ভাবনা ক্ষীণ, যেহেতু বাংলাদেশ অনুপ্রবেশের তত্ত্বকে বিশ্বাসই করে না। ফলে অবধারিত প্রশ্ন, অনাগরিকদের ভবিষ্যৎ কী? ’ রাজীব ভাটিয়া মনে করেন, ‘যাঁরা অনুপ্রবেশকারী, মানবিকতার স্বার্থে তাঁদের দীর্ঘদিনের ভিসা দেওয়া যেতে পারে। ভোটাধিকার ও যাবতীয় সরকারি সুযোগ-সুবিধা কেড়ে নেওয়া যেতে পারে। আবার, রাজনৈতিক উদ্দেশ্য সিদ্ধ হলে ফেরত পাঠানোর বিষয়টি ঠান্ডাঘরে পাঠিয়ে দেওয়া যেতে পারে। ’
সন্দেহ নেই, অনুপ্রবেশকে ঘিরে ভারতের রাজনীতি এত চনমনে ও উত্তেজক আগে কখনো হয়নি। এর পুরো কৃতিত্ব বিজেপির। অনুপ্রবেশকারীদের মনে এই ভয়টা ঢুকিয়ে দেওয়া জরুরি। ২০১৯ সালের নির্বাচনের পর এনআরসি নিয়ে বিজেপি কতটা সরব থাকবে সেই জল্পনাও উঠে আসছে। যেমন উঠছে, বাংলাদেশকে ক্ষুব্ধ করে ভারত কতটা এগোবে সেই প্রশ্নও।
বাংলাদেশে নিযুক্ত ভারতের সাবেক হাইকমিশনার পিনাক রঞ্জন চক্রবর্তী শুক্রবার প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ থেকে ভারতে যে অনুপ্রবেশ হয়েছে এবং এখনো যে কমবেশি হচ্ছে, সেই সত্য বাংলাদেশ স্বীকার করে না। এই অস্বীকৃতি দুই দেশের স্বাভাবিক মিত্রতাপূর্ণ সম্পর্কের ওপর কিন্তু ছায়া ফেলতে পারে। বাংলাদেশের উচিত সত্যটা স্বীকার করা। আসামের বহু মানুষ অনাগরিক হিসেবে চিহ্নিত হবেন। বাংলাদেশ ও ভারত দুই দেশেরই উচিত বিষয়টি দুই দেশের আনুষ্ঠানিক আলোচনায় নিয়ে আসা। ’