এনআরসি বাংলাদেশের অপমান: মমতা

ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্য আসামের নাগরিক নিবন্ধন তৈরি প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের পক্ষে অপমানজনক। ভারতীয় সংসদ ভবনে দলীয় দপ্তরে বসে আজ বুধবার দুপুরে এ কথা বললেন তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, বিজেপি বোঝাতে চাইছে সব বাংলাদেশিই যেন অনুপ্রবেশকারী। এটা ঠিক হচ্ছে না। বাংলাদেশ অবৈধ দেশ নয়। সন্ত্রাসবাদী দেশও নয়।
নাগরিক নিবন্ধন তালিকা তৈরির বিরোধিতা করে বিজেপি-বিরোধী জনমত গঠন করতে মমতা গত সোমবার দিল্লি আসেন। গতকাল মঙ্গলবার তিনি বলেন, বিজেপি যা করছে তাতে একদিন দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। বুধবার সংসদ ভবনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন, বাংলাদেশ বন্ধু দেশ। নাগরিকপঞ্জি তৈরি নিয়ে যা চলছে তাতে ওই দেশে বিরূপ প্রভাব পড়বে।
মমতা বলেন, চূড়ান্ত খসড়া নাগরিক নিবন্ধনে যে ৪০ লাখ লোকের নাম ওঠেনি, তাঁদের বেশির ভাগই বাংলাদেশ থেকে আসা মানুষ বলে যা রটনা হচ্ছে, তা মিথ্যা। বাংলাদেশ আমাদের বন্ধু। প্রতিবেশী দেশ। তাদের বিরুদ্ধে এই সব প্রচার গুরুতর সমস্যা সৃষ্টি করবে। তিনি বলেন, সামান্য কিছু মানুষ অনুপ্রবেশকারী হলেও হতে পারেন। কিন্তু অনুপ্রবেশ রোখার দায় কার? সীমান্ত রক্ষীবাহিনীর। সেই বাহিনী যা বিএসএফ নামে পরিচিত, তারা তো কেন্দ্রের অধীন? কেন্দ্রকে হুঁশিয়ার করে মমতা বলেন, ‘বাংলাদেশের নাম করে লাখ লাখ বাঙালিকে আসাম থেকে বিতাড়ন করা ঠিক নয়। আমরা দুই বাংলার মানুষ এক ভাষায় কথা বলি। এটাই কি অপরাধ? আমি বাংলাদেশকে ভালোবাসি। এভাবে ওদের কালি লেপা ঠিক নয়।’ তিনি বলেন, দেশভাগের পর পাকিস্তান থেকে বহু মানুষ ভারতে চলে এসেছেন। নেপাল থেকেও মানুষজন এসেছেন। নাগরিকপঞ্জি তৈরির নামে বিজেপি যা করছে তাতে মনে হচ্ছে, যারা তাদের ভোটার নয় তারা বিদেশি বলে চিহ্নিত হয়ে যাবে। এ জিনিস চলতে থাকলে দেশে গৃহযুদ্ধ বেঁধে যাবে। রক্তগঙ্গা বয়ে যাবে।
রক্তগঙ্গা এখন না বইলেও উত্তেজনা যে সৃষ্টি হয়ে গেছে, বাঙালিরা যে আক্রান্ত হতে শুরু করেছেন, লোকসভায় সেই অভিযোগ এনেছেন আসামের শিলচরের কংগ্রেস সদস্য সুস্মিতা দেব। আজ সভা শুরুর কিছু সময়ের পরই আসাম-মেঘালয় সীমান্তে বাঙালিদের চিহ্নিত করে মারধর করা হচ্ছে বলে তিনি অভিযোগ করেন। ওয়েলেও নেমে আসেন। বলতে থাকেন, স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং ও বিজেপির সভাপতি অমিত শাহ স্রেফ মৌখিক আশ্বাস দিচ্ছেন। অথচ তাঁদের ক্যাডাররা দাপাদাপি শুরু করে দিয়েছে।
মমতাও এই আশঙ্কা করছেন। আগামী বছরের নির্বাচনকে মাথায় রেখে তিনি বিজেপি-বিরোধী যে জোট গড়তে উদ্যোগী, তার অনুঘটক হিসেবে বেছে নিয়েছেন খসড়া নাগরিক নিবন্ধন তালিকাকে। সেই লক্ষ্যে আজ তিনি দেখা করেন সাবেক প্রধানমন্ত্রী এইচ ডি দেবগৌড়া ও তাঁর ছেলে কর্ণাটকের মুখ্যমন্ত্রী কুমারস্বামীর সঙ্গে। সন্ধ্যায় দেখা করেন কংগ্রেসের নেত্রী সোনিয়া গান্ধী ও রাহুল গান্ধীর সঙ্গেও। গত দুদিনে কথা বলেছেন এনসিপি নেতা শারদ পাওয়ারসহ বিভিন্ন রাজনৈতিক দলের সংসদীয় নেতাদের সঙ্গে। তাঁর নির্দেশে আজ বৃহস্পতিবার দুদিনের সফরে আসাম যাচ্ছে তৃণমূল কংগ্রেসের আট সদস্যের এক প্রতিনিধিদল। প্রবীণ আইনজীবী ও বিজেপির সাবেক সদস্য রাম জেঠমালানি, সাবেক কেন্দ্রীয় অর্থমন্ত্রী ও বিজেপি নেতা যশবন্ত সিনহা এবং বিজেপির বিক্ষুব্ধ সাংসদ শত্রুঘ্ন সিনহার সঙ্গেও মমতা বৈঠক করেছেন। তাঁদের বলেছেন, ‘রাজনৈতিক স্বার্থে’ নাগরিকপঞ্জি তৈরি করার সিদ্ধান্ত যাঁরা পছন্দ করছেন না, তাঁদেরও আসামে প্রতিনিধিদল পাঠানো দরকার। বিজেপি-বিরোধী জোট গড়ার তাগিদে মমতা ১৯ জানুয়ারি কলকাতায় ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে জনসমাবেশের আয়োজন করেছেন। সেই সমাবেশে কংগ্রেসসহ সব বিরোধী নেতাদের যোগ দেওয়ার অনুরোধও জানিয়েছেন তিনি।