এনআরসি-সিএএর পক্ষে সাফাই গাওয়া বাবুল সুপ্রিয় এবার বিপাকে
পশ্চিমবঙ্গের আসানসোলে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) টিকিটে দুবার নির্বাচনে জিতেছিলেন বাবুল সুপ্রিয়। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির মন্ত্রিসভায় জায়গাও পেয়েছিলেন। কিন্তু গত বছর মন্ত্রিত্ব হারিয়ে ক্ষুব্ধ বাবুল বিজেপি ছাড়েন, লোকসভার আসানসোল আসনের সাংসদ পদ থেকে ইস্তফা দেন। এরপর যোগ দেন তৃণমূল কংগ্রেসে।
তবে বিজেপিতে থাকার সময় সংশোধিত নাগরিকত্ব আইন (সিএএ) ও জাতীয় নাগরিকপঞ্জির (এনআরসি) পক্ষে বাবুলের সাফাই গাওয়ার কথা লোকজন ভোলেননি। তাই তৃণমূলের হয়ে বালিগঞ্জ বিধানসভার উপনির্বাচনে প্রার্থী হয়ে অনেকটা বিপাকে পড়েছেন বাবুল। এ আসনের বহু ভোটার তাঁর বিরুদ্ধে একজোট হয়েছেন।
১২ এপ্রিল বালিগঞ্জ আসনে উপনির্বাচন অনুষ্ঠিত হবে। রাজ্যের মন্ত্রী সুব্রত মুখার্জির মৃত্যুতে আসনটি শূন্য হয়েছে। একই দিন বাবুলের ছেড়ে দেওয়া লোকসভার আসানসোল আসনের উপনির্বাচনেও ভোট নেওয়া হবে। তৃণমূল এখানে প্রার্থী করেছে বলিউড তারকা শত্রুঘ্ন সিনহাকে।
গত বছর মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভা পুনর্গঠন করার সময় বাদ পড়েন বাবুল। তখন ক্ষুব্ধ বাবুল বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। এরপর তাঁকে বিধানসভার বালিগঞ্জ আসনের উপনির্বাচনে প্রার্থী করা হলো। কিন্তু এ আসনের সাধারণ ভোটারদের ভাষ্য, সিএএ-এনআরসির ‘দালাল’ বাবুলকে একটি ভোটও নয়।
গত বছর মোদি কেন্দ্রীয় মন্ত্রিসভার পুনর্গঠন করার সময় বাদ পড়েন বাবুল। তখন ক্ষুব্ধ বাবুল বিজেপি ছেড়ে যোগ দেন তৃণমূলে। এরপর তাঁকে বিধানসভার বালিগঞ্জ আসনের উপনির্বাচনে প্রার্থী করা হলো। কিন্তু এ আসনের সাধারণ ভোটারদের ভাষ্য, সিএএ–এনআরসির ‘দালাল’ বাবুলকে একটি ভোটও নয়। বালিগঞ্জ আসনের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন বলছে, রাজ্যের ধর্মনিরপেক্ষ ও বহুত্ববাদী সংস্কৃতিকে রক্ষার লক্ষ্যে বিজেপিকে পরাস্ত করার পাশাপাশি বাবুলকেও হারাতে হবে। সাধারণ ভোটারদের অনেকে এমন কথাও বলছেন, বাবুলকে প্রার্থী করে তৃণমূল কংগ্রেস তাঁদের সঙ্গে প্রতারণা করেছে।
শুক্রবার বিকেলে সিএএ এবং এনআরসি–বিরোধী আন্দোলনকারীরা বালিগঞ্জের পার্ক সার্কাস এলাকার সাতমাথার মোড়ে এক সভার ডাক দিয়েছিলেন। বাবুলকে ভোট না দেওয়ার পক্ষে জনমত গড়তে ওই সভার ডাক দেওয়া হয়েছিল। তবে সভা শুরুর আগেই পুলিশ ২৬ জনকে আটক করে নিয়ে যায় কলকাতার পুলিশ সদর দপ্তর লালবাজারে। এ কারণে ওই সভা হয়নি। যদিও রাতেই আটক ব্যক্তিদের ছেড়ে দেওয়া হয়।
এ ঘটনার পর আন্দোলনকারীদের পক্ষে প্রসেনজিৎ বসু জানান, পার্ক সার্কাসে সভা শেষে মিছিল বের করার অনুমতি পেয়েছিলেন তাঁরা। তবু পুলিশ ২৬ জন আন্দোলনকারীকে আটক করে। তিনি বলেন, ‘বাবুল ও অন্য দলবদলকারীদের দলবদল এক নয়। বাবুল বারবার সংখ্যালঘুবিদ্বেষী, নারীবিদ্বেষী মন্তব্য করেছেন। তাই আমরা চাই না, বাবুলের মতো নেতাকে বালিগঞ্জ আসনের প্রার্থী করা হোক।’
বাবুলকে প্রার্থী করার প্রতিক্রিয়ায় বেঙ্গল ইমামস অ্যাসোসিয়েশনের সভাপতি মহম্মদ ইয়াহিয়া বলেন, ‘বাবুলের সংখ্যালঘুবিরোধী অবস্থান কখনো মেনে নেওয়া যায় না।’
বালিগঞ্জ আসনে বাবুলের বিরুদ্ধে কংগ্রেসের প্রার্থী হয়েছেন কামরুজ্জামান চৌধুরী। সিপি(এম) প্রার্থী করেছে সায়রা শাহ হালিমকে। মানবাধিকারকর্মী সায়রা পশ্চিমবঙ্গ বিধানসভার প্রয়াত স্পিকার হাসিম আবদুল হালিমের ছেলে ফুয়াদ হালিমের স্ত্রী ও প্রখ্যাত বলিউড তারকা নাসিরউদ্দিন শাহর ভাইঝি। অন্যদিকে বিজেপি প্রার্থী করেছে কেয়া ঘোষকে।