এনএসজিতে ভারতকে সদস্য করতে রাজি মেক্সিকো

আন্তর্জাতিক পরমাণু প্রযুক্তি সরবরাহ গোষ্ঠী বা নিউক্লিয়ার সাপ্লায়ার্স গ্রুপে (এনএসজি) ভারতের অন্তর্ভুক্ত হওয়ার বিষয়টিতে সমর্থন জানিয়েছে মেক্সিকো। গতকাল বুধবার দেশটির প্রেসিডেন্ট এনরিকে পেনিয়া নিয়েতো এ সমর্থনের কথা জানান। এ সমর্থনকে স্বাগত জানিয়েছেন মেক্সিকোতে সফররত ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
কয়েক দশক ধরে ভারত পারমাণবিক অস্ত্র কর্মসূচি থেকে অনেকটাই বিচ্ছিন্ন। গত মঙ্গলবার ওয়াশিংটনে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও মোদি বৈঠক করেন। সেখানে এনএসজি ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি-বিষয়ক আন্তর্জাতিক সংগঠন মিসাইল টেকনোলজি কন্ট্রোল রেজিমে (এমটিসিজি) ভারতের অন্তর্ভুক্তির প্রচেষ্টাকে যুক্তরাষ্ট্র সমর্থন করবে বলে আশ্বাস দেন ওবামা।
এই দুটি আন্তর্জাতিক গোষ্ঠীতে যোগ দিতে পারলে ভারতের জন্য পরমাণু ও ক্ষেপণাস্ত্র প্রযুক্তি-বিষয়ক গবেষণা আরও সহজ হবে বলে মনে করা হচ্ছে। চীন এনএসজিতে ভারতের সংযুক্ত হওয়ার ক্ষেত্রে বাধা দিয়েছে।
মেক্সিকোর প্রেসিডেন্ট তাঁর বাসভবন লস পিনোসে বলেন, এনএসজিতে ভারতের যোগ দেওয়ার বিষয়টিকে মেক্সিকো স্বীকৃতি দেয়। একটি দেশ হিসেবে এ ক্ষেত্রে আমাদের ইতিবাচক ও গঠনমূলক সমর্থন রয়েছে। তিনি বলেন, পারমাণবিক নিরস্ত্রীকরণ ও বিস্তার রোধে মোদি যে প্রতিশ্রুতি দিয়েছেন, সেই পরিপ্রেক্ষিতে মেক্সিকো ভারতের সদস্য পদের বিষয়টিকে সমর্থন দিয়েছে।
মেক্সিকোর সমর্থন পেলেও ৪৮ সদস্যবিশিষ্ট এ জোটে অন্তর্ভুক্ত হওয়ার ক্ষেত্রে ভারতকে সবার সমর্থন নিতে হবে। চলতি মাসে দক্ষিণ কোরিয়ায় এনএসজির বার্ষিক বৈঠক হওয়ার কথা।
চলতি সপ্তাহে এ বিষয়ে ভারতকে সমর্থন দিয়েছে সুইজারল্যান্ড। এ ছাড়া এনএসজিতে ভারতের যোগদানের বিষয়ে সমর্থন আদায়ে মোদি সুইজারল্যান্ড ও মেক্সিকোর বাইরে পাঁচটি দেশ সফর করবে।