এনডিএতে ক্ষোভ বাড়ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
নরেন্দ্র মোদি ও অমিত শাহ
নরেন্দ্র মোদি ও অমিত শাহ
  • বিজেপির একটা অংশ দলের সভাপতি অমিত শাহর কাজকর্মের ধরন-ধারণে মানিয়ে নিতে পারছেন না
  • এই অংশের মধ্যে রয়েছেন যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহার মতো নেতারা
  • বিক্ষোভের সুর শোনা যাচ্ছে শরিকদের কণ্ঠেও

আপাতত সামাল দিয়েছে বিজেপি, কিন্তু কত দিন? সেই প্রশ্ন রাজনৈতিক মহলে উঠে গেছে। একই সঙ্গে উঠে আসছে এ প্রশ্নও, জাতীয় স্তরে নতুন সমীকরণ গড়ে ওঠার সলতে পাকানো শুরু হয়ে গেছে কি না।
বিজেপি সামাল দিয়েছে অন্ধ্র প্রদেশের তেলুগু দেশম পার্টির (টিডিপি) ক্ষোভ। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিং গত রোববার ফোন করে টিডিপি নেতা তথা অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুকে বলেছেন, বাজেট অধিবেশনেই সরকার স্পষ্ট করে দেবে তাঁর রাজ্যের আর্থিক দাবিদাওয়া মেটাতে সরকার কী কী করেছে। ওই ফোনালাপের পর টিডিপি সিদ্ধান্ত নিয়েছে, আপাতত জোট বা সরকার তারা ত্যাগ করছে না। তারা ‘অপেক্ষা ও দেখার’ নীতি গ্রহণ করছে।
চার বছর আগে অন্ধ্র প্রদেশ দ্বিধাবিভক্ত হওয়ার পর এখনো নতুন রাজ্যের জন্য প্রয়োজনীয় আর্থিক সহায়তা কেন্দ্র দিতে পারেনি। প্রশ্ন হলো, এত দিন চুপ থাকা টিডিপি নেতৃত্ব হঠাৎ কেন আজ জোট ও সরকার ছাড়ার হুমকি দিল? চন্দ্রবাবু নাইডু কেন আগ বাড়িয়ে শিবসেনার নেতা উদ্ধব ঠাকরের সঙ্গে কথা শুরু করলেন?
উত্তরটা রাজধানীর রাজনৈতিক মহলেই রয়েছে। বিজেপির একটা অংশ বিভিন্ন কারণে নরেন্দ্র মোদি ও তাঁর ঘনিষ্ঠ দলের সভাপতি অমিত শাহর কাজকর্মের ধরন-ধারণের সঙ্গে মানিয়ে নিতে পারছে না। এই অংশের মধ্যে রয়েছেন যশবন্ত সিনহা ও শত্রুঘ্ন সিনহার মতো নেতারা। এই মহলের ঘনিষ্ঠ এক নেতার মতে, ‘চার বছর আগে নরেন্দ্র মোদির যে ভাবমূর্তি গড়ে উঠেছিল, সেই ঔজ্জ্বল্য এখন নেই। আগামী দিনে তা যে আরও ফিকে হয়ে যাবে, তা গুজরাট ও রাজস্থানের ভোট বুঝিয়ে দিয়েছে। শরিকেরা সেই সুযোগ নেবেই। চন্দ্রবাবু সেটাই করেছেন।’
বিক্ষোভের সুর শোনা যাচ্ছে বিজেপির শরিকদের কণ্ঠেও। পাঞ্জাবের শিরোমনি অকালি দলের নেতা রাজ্যসভার সদস্য সুখদেব সিং ধিন্দসা বলেছেন, ‘শরিকদের সঙ্গে বিজেপি এমন ব্যবহার করছে যেন তাঁরা দ্বিতীয় শ্রেণির নাগরিক।’
লোকসভা ভোটে মোদিকে বিপুলভাবে সমর্থন জানানো মানুষজনের অনেকে গত বছরের জুলাই থেকে তাঁর সমালোচনা শুরু করেছেন। হরিয়ানায় গুরমিত রাম রহিমকে গ্রেপ্তারের পর যে হিংসা ও গুন্ডামি চলে, তার খেসারত দলকে দিতে হচ্ছে। উত্তর প্রদেশে অবিরাম সাম্প্রদায়িক দাঙ্গা, বিভিন্ন রাজ্যে প্রগতিশীলদের হত্যা ব্যতিব্যস্ত করে রেখেছে বহু শান্তিপ্রিয় বিজেপি সমর্থককেও। অসন্তোষের এই তালিকায় যোগ হয়েছে নোট বাতিল ও জিএসটির মতো গুরুতর আর্থিক সংস্কারের সিদ্ধান্ত। মোদির ভারত যে শহর ও গ্রামে বিভক্ত হয়ে গেছে, গুজরাটের ভোট তার প্রমাণ। এই সার্বিক ক্ষোভের প্রকাশ ঘটেছে রাজস্থানের সাম্প্রতিক উপনির্বাচনে। দুই লোকসভা ও একটি বিধানসভার আসনে বিজেপি হেরেছে কংগ্রেসের কাছে। এই উপনির্বাচনে মোট ১৭টি বিধানসভা কেন্দ্রের একটিতেও বিজেপি জিততে পারেনি। অথচ চার বছর আগে এগুলোর সব কটিই ছিল বিজেপির কবজায়। চন্দ্রবাবুর ‘বিদ্রোহ’ ভোটের এই ফল ও তার বিশ্লেষণের পরই।
রাজনৈতিক ওয়াকিবহাল মহলের ধারণা, চলতি বছরের শেষাশেষি যে রাজ্যগুলোর বিধানসভা ভোট হতে চলেছে, বিজেপি-শাসিত সেই রাজস্থান, মধ্যপ্রদেশ, ছত্তিশগড়ের ফল বিজেপির পক্ষে অবশ্যই আশাজনক হবে না। ত্রিপুরায় বিজেপি ভালো করলেও বামপন্থীদের হারানো সম্ভব হচ্ছে না। এই বছরের মে মাসে কর্ণাটকের ভোট। এই রাজ্যও বিজেপির কাছে কঠিন ঠাঁই। এ অবস্থায় পরবর্তী লোকসভা ভোট বিজেপির কাছে কিছুতেই ২০১৪ সালের মতো ঝলমলে হতে পারে না। লালকৃষ্ণ আদভানির ঘনিষ্ঠ বিজেপির এক নেতার কথায়, ‘এককভাবে নিরঙ্কুশ গরিষ্ঠতাপ্রাপ্তি বিজেপির পক্ষে আগামী ভোটে প্রায় অসম্ভব। তা না পেলে শরিকদের ওপর মোদির নির্ভরতা বাড়বেই, যা এখন বিন্দুমাত্র নেই। চন্দ্রবাবু নাইডু তা বুঝতে পেরেছেন। এখন থেকেই তাই তিনি তাঁর মতো করে সক্রিয় হচ্ছেন।’
লোকসভার আগামী ভোটে নতুন মেরুকরণ ঘটবে কি না, তা পরের প্রশ্ন। তবে মোদি দুর্বল হলে শরিকদের ওপর তাঁর নির্ভরতা বাড়তে বাধ্য। শরিকদের সেই চেষ্টা শুরু হয়ে গেছে।