এনডিএর প্রার্থী নিয়ে বিভক্ত বিরোধী শিবির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের রাষ্ট্রপতি নির্বাচনে ক্ষমতাসীন দল বিজেপি মনোনীত প্রার্থীর নাম ঘোষণার পর বিরোধী দলগুলো মিশ্র প্রতিক্রিয়া দেখিয়েছে। ভারতীয় জনতা পার্টির (বিজেপি) নেতৃত্বে এনডিএ জোট এ পদের জন্য বিহারের রাজ্যপাল রামনাথ কোবিন্দকে বেছে নিয়েছে। এ বিষয়ে সিদ্ধান্ত জানাতে কংগ্রেসসহ বিরোধী দলগুলো আগামীকাল বৃহস্পতিবার আলোচনায় বসবে। 

তুলনামূলকভাবে কম পরিচিত দলিত নেতা কোবিন্দের মনোনয়ন পাওয়ার খবর পেয়ে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গত সোমবার তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় বলেন, ‘এ কাকে প্রার্থী করল? চিনি না, জানি না। আকাশ থেকে পড়ছি। ...একজনকে সমর্থন করতে হলে তাঁর সম্পর্কে ন্যূনতম তো জানতে হবে!’

মমতা আরও বলেন, তাঁরা সর্বসম্মত প্রার্থী চেয়েছিলেন। কিন্তু বিজেপি নিজেদের রাজনৈতিক উদ্দেশ্য পূরণের লক্ষ্যে প্রার্থী বেছে নিয়েছে।

রাষ্ট্রপতি পদপ্রার্থী নির্ধারণের ব্যাপারে বিজেপির তিন শীর্ষ নেতা বিরোধী শিবিরের সঙ্গে সম্প্রতি আলোচনায় অংশ নিয়েছেন। এতে মনে হয়েছিল, ক্ষমতাসীন জোট সর্বসম্মতিক্রমে কাউকে প্রার্থী হিসেবে দাঁড় করাবে। কিন্তু দীর্ঘদিন ধরে বিজেপির রাজনীতিতে সম্পৃক্ত রামনাথ কোভিন্দকে মনোনয়ন দেওয়ার বিষয়টিকে বিরোধীদের একটি অংশ ‘একতরফা’ মনে করছে।

নিতীশ কুমার এবং মায়াবতীর মতো প্রভাবশালী নেতারা অবশ্য রাষ্ট্রপতি পদপ্রার্থী কোভিন্দের প্রতি সমর্থনের প্রস্তাব একেবারে নাকচ করে দেননি।

এনডিএর প্রার্থী হওয়ার পর কোভিন্দ গতকাল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের সঙ্গে সাক্ষাৎ করেন।

এদিকে ইন্ডিয়া টুডে পত্রিকা অনলাইন সংস্করণে লিখেছে, বিরোধীদের সমর্থন ছাড়াই রাষ্ট্রপতি প্রাসাদে পৌঁছানোর দৌড়ে রামনাথ কোবিন্দের জয়ের ব্যাপারটা প্রায় নিশ্চিত। ৭১ বছর বয়সী এই আইনজ্ঞ ও সাবেক সাংসদ দলিত সম্প্রদায়ের সমর্থন পাবেন। আর বিজেপি ও সমমনা দলগুলোর পছন্দের ব্যক্তি হিসেবে ৫০ শতাংশের বেশি ভোট অর্জন তাঁর জন্য কঠিন হওয়ার কথা নয়। দোদুল্যমান ভোটের মধ্য থেকেও কিছু আসবে কোবিন্দের পক্ষে। তাই কংগ্রেসের নেতৃত্বে বিরোধীরা রাষ্ট্রপতি নির্বাচনে প্রার্থী দিলেও জোর লড়াইয়ের সম্ভাবনা কম।