এনডিটিভির প্রণয় রায়ের বাড়িতে সিবিআইয়ের তল্লাশি
ভারতের সংবাদভিত্তিক টেলিভিশন চ্যানেল এনডিটিভির প্রতিষ্ঠাতা প্রণয় রায় ও তাঁর স্ত্রী রাধিকার বাড়ি ও কার্যালয়ে অভিযান চালিয়েছে ভারতের কেন্দ্রীয় তদন্ত সংস্থা-সিবিআই। ব্যাংক জালিয়াতির অভিযোগে আজ সোমবার সিবিআই কর্মকর্তারা এ অভিযান চালায় বলে একজন কর্মকর্তা জানিয়েছেন।
সূত্র জানিয়েছে, এনডিটিভির কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি। ইংরেজি ও হিন্দি ভাষার এই টেলিভিশন চ্যানেলটির অর্থদাতা প্রতিষ্ঠান আরআরপিআর হোল্ডিং লিমিটেডে সিবিআই কর্মকর্তারা অভিযান চালান। তাঁরা এ প্রতিষ্ঠানটির দিল্লি, দেরাদুন ও উত্তরাখন্ডের চারটি কার্যালয়েও তল্লাশি চালিয়েছে।
২০০৮ সালে আসিআইসিআই ব্যাংক থেকে আরআরপিআর একটি ঋণ নেয়। ওই ঋণে অনিয়মের অভিযোগ এনে গত সপ্তাহে সিবিআই একটি মামলা করে। সিবিআই সূত্র জানিয়েছে, কোম্পানিটি ৩৬৬ কোটি রুপি ঋণ নিয়ে পরের বছর ৫০ কোটি রুপিতে সেই ঋণ পরিশোধ করে, যা প্রকৃত অর্থের চেয়ে অনেক কম। যে কারণে সিবিআইয়ের ব্যাংকিং বিভাগ মামলাটি করে।
সিবিআই সূত্র জানায়, ‘ব্যাংক জালিয়াতির ঘটনায় আরআরপিআর ও অজ্ঞাতনামা কর্মকর্তাদের বিরুদ্ধে একটি মামলা হয়েছে। ব্যাংক জালিয়াতি ও স্বেচ্ছায় ঋণখেলাপিদের বিরুদ্ধে চালানো সিবিআইর সাম্প্রতিক অভিযানের একটি অংশ ছিল এটি।’ দ্য এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ২০১৪ সাল থেকে এনডিটিভির বিরুদ্ধে তদন্ত করছে।
একটি বিদেশি প্রতিষ্ঠান থেকে মূলধন সংগ্রহ করে পরে তা সংগৃহীত অর্থের ৮০ শতাংশের কমে রফা করায় সম্প্রতি দিল্লির হাইকোর্ট আয়কর (আই-টি) বিভাগকে এনডিটিভির বিরুদ্ধে তদন্তের নির্দেশ দেয়।
এদিকে এনডিটিভি এক বিবৃতিতে জানিয়েছে, ‘পুরোনো ভিত্তিহীন মিথ্যা অভিযোগের’ ভিত্তিতে একটি ‘সর্বাত্মক হয়রানি’ করা হয়েছে তাদের। তারা এমন ‘চরম হয়রানিমূলক’ অভিযানের বিরুদ্ধে লড়াই করবে।