এক দিনের জন্য এনডিটিভি ইন্ডিয়া টেলিভিশন চ্যানেলের সম্প্রচার বন্ধের নির্দেশ দিয়েছে ভারত সরকার। এই নির্দেশকে ঘিরে শুরু হয়েছে দেশজুড়ে সমালোচনা।
সরকারি নির্দেশ অনুযায়ী, চলতি মাসের ৯ তারিখ ২৪ ঘণ্টার জন্য চ্যানেলটির সম্প্রচার বন্ধ রাখতে হবে। সরকারের এই সিদ্ধান্তকে জরুরি অবস্থার সঙ্গে তুলনা করে এডিটরস গিল্ড অব ইন্ডিয়া বলেছে, ‘এটি নজিরবিহীন সিদ্ধান্ত। মিডিয়ার স্বাধীনতার ওপর এটি সরাসরি আক্রমণ।’
গত বৃহস্পতিবার এক সরকারি বিবৃতিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়। অভিযোগ, পাঠানকোট বিমানবাহিনীর ছাউনিতে জঙ্গি হামলার পর এনডিটিভি ইন্ডিয়া বেশ কিছু ‘স্পর্শকাতর সামরিক বিষয়’ সম্প্রচার করেছে। বিষয়টি খতিয়ে দেখার ভার দেওয়া হয় তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের একটি বিশেষজ্ঞ কমিটির ওপর। তারা কেব্ল টিভি নেটওয়ার্কস (রেগুলেশন) আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়ার সুপারিশ করে। সেই সুপারিশ অনুযায়ী ৯ নভেম্বর (৮ নভেম্বর দিবাগত রাত) ১২টা ১ সেকেন্ড থেকে ১০ নভেম্বর রাত ১২টা পর্যন্ত এনডিটিভি ইন্ডিয়ার সম্প্রচার পুরোপুরি বন্ধ রাখার কথা বলা হয়েছে। এনডিটিভি তার বিরুদ্ধে আনা যাবতীয় অভিযোগ অস্বীকার করে বলেছে, তারা আত্মপক্ষ সমর্থনের সব ধরনের উপায় খতিয়ে দেখছে।
মাত্র কদিন আগে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এক অনুষ্ঠানে বলেছিলেন, দেশে আর কখনো জরুরি অবস্থা জারি করা হবে না। এর দুই দিনের মধ্যেই এই সিদ্ধান্ত। এডিটরস গিল্ড তার বিবৃতিতে অবশ্য এই সিদ্ধান্তকে জরুরি অবস্থার সঙ্গেই তুলনা করেছে। এনডিটিভি ইন্ডিয়ার (হিন্দি চ্যানেল) পক্ষ থেকে বলা হয়েছে, এমন কিছু তারা দেখায়নি যা ‘ক্লাসিফায়েড’। যা দেখিয়েছে সেসব তথ্য ইতিমধ্যে সবার গোচরে রয়েছে। সব চ্যানেল ও খবরের কাগজই তা দেখিয়েছে। এই সিদ্ধান্তের বিরুদ্ধে কী করা যায়, চ্যানেল তা খতিয়ে দেখছে।
মুম্বাই প্রেসক্লাব সমালোচনা করে বলেছে, একটি চ্যানেল, যারা সরকারের সমালোচনা করে, তাকে নিষিদ্ধ ঘোষণা করা মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী।