এপ্রিলে কংগ্রেস-প্রধান হতে পারেন রাহুল

আগামী এপ্রিলে ভারতের পার্লামেন্টের বিরোধী দল কংগ্রেসের প্রধান নির্বাচিত হতে পারেন দলটির বর্তমান প্রধান সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী। ২০১৩ সালের জানুয়ারিতে জয়পুরে যেমন ‘চিন্তন বৈঠক’ হয়েছিল, তেমন কোনো বৈঠকে রাহুল গান্ধীকে দেওয়া হতে পারে দলীয় প্রধানের পদ।
আজ মঙ্গলবার টাইমস অব ইন্ডিয়ার খবরে জানানো হয়, ২৮ মার্চ থেকে ১৫ এপ্রিলের মধ্যে সর্বভারতীয় কংগ্রেস কমিটির (এআইসিসি) বৈঠক ডাকার পরিকল্পনা করছে দলটি। এ বৈঠকে দলটির নেতৃত্বের পালাবদল ঘটতে পারে বলে ধারণা করা হচ্ছে। বর্তমান প্রধান সোনিয়া গান্ধী দলটির সংসদীয় কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পেতে পারেন।
কংগ্রেসের জ্যেষ্ঠ ব্যবস্থাপকেরা জানান, দলটির সাম্প্রতিক কর্মকাণ্ড ইঙ্গিত করছে, নেতারা ক্ষমতার প্রজন্ম বদলের বিষয়ে প্রস্তুত হচ্ছেন।
লোকসভা নির্বাচনে ভরাডুবির পর কংগ্রেস দল-উপদলে বিভক্ত হয়ে পড়েছে। জ্যেষ্ঠ নেতাদের একটি দল মনে করে, দলকে নেতৃত্ব দেওয়ার মতো গুরুদায়িত্ব রাহুলের কাঁধে অর্পণ করার সময় এখনো আসেনি। অন্যদের দাবি, এ বিষয়ে দেরি করলে কেবল জটিলতাই বাড়বে।
সর্বভারতীয় কংগ্রেস কমিটির সাধারণ সম্পাদক দিগ্বিজয় সিং ও প্রবীণ সাংসদ কমল নাথ অবিলম্বে রাহুলের হাতে দায়িত্ব অর্পণের দাবি জানিয়েছেন। তাঁদের ভাষ্য, দলে সোনিয়া ও রাহুলের কারণে আলাদা দুটি ক্ষমতাকেন্দ্র সৃষ্টি হয়েছে। এই বিভাজন অস্পষ্টতা তৈরি করছে এবং সিদ্ধান্ত গ্রহণ-প্রক্রিয়াকে ধীর করে দিচ্ছে।
পার্লামেন্টে চলতি বাজেট অধিবেশনে যোগ দেবেন না বলে দলকে আগেই জানিয়েছেন রাহুল গান্ধী। তিনি মা সোনিয়া গান্ধীর কাছ থেকে ‘অন্তর্দর্শন’-এর জন্য ছুটি নিয়েছেন। এ ঘটনা দল ও দলের বাইরে তীব্র সমালোচনা ও বিদ্রূপের জন্ম দিয়েছে। রাহুলের দায়িত্বশীলতা ও লক্ষ্য নিয়ে প্রশ্ন উঠেছে। তবে কংগ্রেসের জ্যেষ্ঠ নেতারা আশা করছেন, ছুটি থেকে ফেরার পর রাহুল নতুন প্রাণশক্তি নিয়ে কাজ শুরু করবেন।