এবার আসামে শুরু হচ্ছে স্থানের নাম পরিবর্তন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হিমন্ত বিশ্বশর্মা
ছবি: সংগৃহীত

ভারতের আসামের বিভিন্ন অঞ্চলের নাম পরিবর্তন করা হবে বলে জানিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্বশর্মা। গতকাল বুধবার তিনি এ বিষয়ে টুইট করেন। এতে তিনি বলেন, ‘কোনো শহর, নগর বা গ্রামের নাম তার সংস্কৃতি, ঐতিহ্য এবং সভ্যতার সঙ্গে সংগতি রেখে হওয়া উচিত।’

মুখ্যমন্ত্রী জানিয়েছেন, এই প্রক্রিয়ার প্রথম ধাপে একটি ওয়েব পোর্টাল চালু করা হবে। সেখানে সাধারণ মানুষের কাছ থেকে পরামর্শ চাওয়া হবে। আসামের নিজস্ব সভ্যতা বা সংস্কৃতিবিরোধী যেসব স্থানের নাম রয়েছে, সেগুলো পরিবর্তনের ব্যাপারে পরামর্শ নেবে রাজ্য সরকার।

গত কয়েক বছরে ভারতের বিভিন্ন স্থানে, বিশেষত যেখানে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) ক্ষমতায় রয়েছে, সেখানে জায়গার নাম পরিবর্তন করা হয়েছে। এ ধরনের ঘটনা সবচেয়ে বেশি ঘটেছে ভারতের উত্তর প্রদেশ রাজ্যে। যেমন এ রাজ্যে ভারতের অন্যতম ব্যস্ত রেলওয়ে জংশনের নাম ছিল মোগলসরাই। ২০১৮ সালে এই নাম পরিবর্তন করা হয়। জংশনের নাম রাখা হয় পণ্ডিত দীনদয়াল উপাধ্যায়। দীনদয়াল হিন্দুত্ববাদী সংগঠন রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের গুরুত্বপূর্ণ নেতা ছিলেন।

বছর তিনেক আগে উত্তর প্রদেশের বড় শহর এলাহাবাদের নাম পরিবর্তন করে প্রয়াগরাজ করা হয়েছে। দিল্লির লাগোয়া গুরগাঁওয়ের নাম হয়েছে গুরুগ্রাম। ফইজাবাদ শহরের নাম পাল্টে অযোধ্যা করা হয়েছে।

আসাম এবং পূর্ব ভারতে এই নাম পরিবর্তনের প্রক্রিয়া এখনো সেভাবে চালু না হলেও এবার তা হবে বলে মনে করা হচ্ছে।

আসাম বিশ্ববিদ্যালয়ের ইতিহাসবিষয়ক একজন গবেষক নাম প্রকাশ না করার শর্তে প্রথম আলোকে বলেন, আসামে দীর্ঘ সময় ধরেই মুসলমান সম্প্রদায়ের বাস। এখানে মোট জনসংখ্যার ৩৫ শতাংশ মুসলমান। স্বাভাবিকভাবেই বিভিন্ন সম্প্রদায়ের নামের সঙ্গে সংগতি রেখে বিভিন্ন স্থানের নামকরণ করা হয়েছে। যেমন বরাক উপত্যকার নাম করিমপুর। হয়তো এমন জায়গাগুলোর নাম পাল্টে যাবে।