এবার এনআরসি চাইছে হরিয়ানা রাজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।
হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার। ছবি তাঁর ফেসবুক অ্যাকাউন্ট থেকে নেওয়া।

জাতীয় নাগরিক নিবন্ধনের (এনআরসি) কোপে বিদীর্ণ আসামের পর এবার একই পথে যাচ্ছে হরিয়ানা। ভারতের বিজেপি-শাসিত রাজ্য হরিয়ানার মুখ্যমন্ত্রী মনোহর লাল খাট্টার গতকাল মঙ্গলবার বলেছেন, তিনিও আসামের মতো হরিয়ানায় এনআরসি চান। কেন্দ্রীয় বিজেপি সরকার অনুমোদন দিলে তিনি তাঁর রাজ্যে শুরু করতে পারেন এনআরসি।

খাট্টার বলেছেন, অনুপ্রবেশ রুখতে তাঁরও দাবি, গোটা ভারতেই এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরি হোক। এতে করে অনুপ্রবেশ কমবে। দেশের নিরাপত্তা আরও জোরদার হবে।

যদিও এই এনআরসি নিয়ে পশ্চিমবঙ্গ ও আসাম সরকারের মধ্যে এখনো বিরোধ চলছে। ইতিমধ্যে আসাম সরকার মমতার বিরুদ্ধে চারটি মামলা দায়ের করেছে। অভিযোগ, তিনি এনআরসি নিয়ে অযথা দেশে উত্তেজনা সৃষ্টি করছেন। দেশকে বিভাজন করছেন। সুদীর্ঘকাল ধরে ভারতে চলে আসা সাম্প্রদায়িক সম্প্রীতিকে নষ্ট করছেন। অন্যদিকে, বসে নেই মমতাও। তাঁর সরকার আসামের মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে দায়ের করেছে তিনটি মামলা। এখন এই দুই রাজ্যের মুখ্যমন্ত্রীর মধ্যে মামলা দিয়ে চলছে লড়াই ।

শুধু যে আসামের রাজ্য সরকারই মমতার বিরুদ্ধে খেপেছে এমনটা নয়, যারপরনাই ক্ষুব্ধ কেন্দ্রীয় সরকারও। আর তাই সরকার আসাম ছাড়াও ভারতের আরও কয়েকটি রাজ্যে এনআরসির মাধ্যমে তালিকা তৈরির উদ্যোগ নিতে পারে—এমনই আভাস দিয়েছে ভারতের বিভিন্ন সংবাদমাধ্যম।

যদিও এনআরসির তালিকা প্রকাশের দিনই পশ্চিমবঙ্গের বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ হুমকি দিয়ে বলেছিলেন, বিজেপি ক্ষমতায় এলে পশ্চিমবঙ্গেও এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরি করা হবে। বিজেপির সর্বভারতীয় সভাপতি অমিত শাহও ইঙ্গিত দিয়েছিলেন, এনআরসি পশ্চিমবঙ্গেও হতে পারে। ফলে পশ্চিমবঙ্গে এনআরসি চালুর দাবিতে আন্দোলনও শুরু করেছে বিজেপি।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সূত্রে সংবাদমাধ্যমে বলা হয়, আসামে এনআরসি নিয়ে বিতর্ক কেটে গেলে বিহার, ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরির কাজ শুরু হতে পারে। ঝাড়খন্ড ও মহারাষ্ট্রে ক্ষমতায় বিজেপি। বিহারে বিজেপি এবং নীতিশ কুমারের সংযুক্ত জনতা দলের জোট সরকার। এই তিন রাজ্যেই রয়েছে প্রচুর অনুপ্রবেশকারী। এদের বিতাড়নের জন্য  তাই উদ্যোগ নিতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়।

আসাম ছিল কেন্দ্রীয় সরকারের একটি পাইলট প্রকল্প। এই প্রকল্পের সাফল্য ও ব্যর্থতার দিক পর্যালোচনা করে কেন্দ্রীয় সরকার পরে দেশের আরও কয়েকটি রাজ্যে এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা প্রণয়নের কাজ হাতে নিতে পারে। বিশেষ করে দেশের বিভিন্ন রাজ্যে অনুপ্রবেশকারী বিদেশিদের চিহ্নিতকরণের উদ্যোগ নিতে পারে।

অন্যদিকে, ত্রিপুরার বিজেপি জোট সরকারের মুখ্যমন্ত্রী বিপ্লব দেব আগেই বলেছিলেন, তাঁর রাজ্যে এনআরসি তৈরির দরকার নেই। কারণ, ত্রিপুরায় সবার বৈধ কাগজপত্র রয়েছে। কিন্তু এটা মানতে চাইছে না ত্রিপুরা সরকারের জোটসঙ্গী ‘পিপলস ফ্রন্ট অব ত্রিপুরা’ বা আইপিএফটিসহ অন্য জোট-শরিকেরা। তারা জানিয়েছে, আসাম ও ত্রিপুরার জনসংখ্যার বিন্যাস মোটামুটি এক। তাই এখানেও এনআরসির মাধ্যমে নাগরিক তালিকা তৈরি করা প্রয়োজন। বিশেষ করে বাংলাদেশি অনুপ্রবেশ ঠেকাতে দরকার এনআরসি।