এবার তাজমহলের দিকে নজর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তাজমহলের জমিকে প্রাচীন একটি মন্দিরের অংশ বলে দাবি করেছেন ভারতের উত্তর প্রদেশের বিজেপির প্রধান লক্ষ্মীকান্ত বাজপেয়ি। সমাজবাদী পার্টির নেতা আজম খান গত মাসে তাজমহলকে ওয়াক্ফ বোর্ডের সম্পত্তি ঘোষণা করার উচিত বলে মন্তব্য করার পর গত রোববার লক্ষ্মীকান্ত ওই দাবি করেন। খবর টাইমস অব ইন্ডিয়ার।
মোগল সম্রাট শাহজাহান তাঁর স্ত্রী মমতাজ মহলের স্মরণে উত্তর প্রদেশের আগ্রায় তাজমহল নির্মাণ করেন। সাদা মার্বেল পাথরে তৈরি এই সমাধিসৌধ জাতিসংঘের শিক্ষা, বিজ্ঞান ও সংস্কৃতিবিষয়ক সংস্থা ইউনেসকো-ঘোষিত বিশ্ব ঐতিহ্যের অংশ।
ভারতের ক্ষমতাসীন দল বিজেপির উত্তর প্রদেশের প্রধান লক্ষ্মীকান্ত গত রোববার সাংবাদিকদের বলেন, সম্রাট শাহজাহান তাজমহল নির্মাণের জন্য তৎকালীন রাজা জয় সিংয়ের কাছ থেকে তেজো মহালয়া মন্দিরের জমির অংশবিশেষ কিনে নিয়েছিলেন। লক্ষ্মীকান্ত দাবি করেন, তাঁর এই তথ্যের সমর্থনে নথিপত্র এখনো আছে।
লক্ষ্মীকান্ত অভিযোগ করেন, আজম খান ওয়াক্ফ বোর্ডের সম্পত্তি দখল করেছেন। এখন বিশ্ব ঐতিহ্য তাজমহলের দিকে তাঁর নজর পড়েছে।
প্রসঙ্গত, ওয়াক্ফ বোর্ড মুসলমানদের ধর্মীয় সম্পত্তিগুলোর তত্ত্বাবধান করেন থাকে। ভারতে শিয়া ও সুন্নি—পৃথক ওয়াক্ফ বোর্ড রয়েছে।