এবার দিল্লির পৌরভোটে জয়জয়কার বিজেপির

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মোদি-ঝড়ে এবার দিল্লিতে খড়কুটোর মতো উড়ে গেল আম আদমি পার্টি ও কংগ্রেস। রাজধানীর তিনটি পৌরসভা আরও পাঁচ বছরের জন্য নিজেদের দখলে রাখল কেন্দ্রীয় সরকারে আসীন বিজেপি।

দিল্লির শাসক দল আম আদমি পার্টি (এএপি) এই গেরুয়া ঝড়ে এতটাই বিপর্যস্ত যে, মুখ বাঁচাতে হারের সব দায় তারা চাপিয়ে দিয়েছে ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) ওপর। দলের শীর্ষস্থানীয় নেতারা বলেছেন, এটা মোটেই মোদি-ঝড় নয়, এটা ছিল ইভিএমের কারচুপি ঝড়। ফলে এই রায়কে তাঁরা মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের শাসনের বিরুদ্ধে রাজধানীর মানুষের অনাস্থার প্রকাশ বলে মনে করেন না। তাই মুখ্যমন্ত্রী ইস্তফা দেবেন না বলেও তাঁরা জানিয়ে দিয়েছেন।

বিপর্যস্ত কংগ্রেসও। বিধানসভা ভোটের তুলনায় এবার ভোটের হার সামান্য বাড়ালেও ভোটারদের কাছে তারা এখনো ব্রাত্যই। দিল্লির প্রদেশ কংগ্রেস সভাপতি অজয় মাকেন হারের সব দায় কাঁধে নিয়ে পদত্যাগ করেছেন। বলেছেন, দলের সাধারণ কর্মী হিসেবেই কাজ করবেন। এক বছর দলের কোনো পদ গ্রহণ করবেন না।

দিল্লিতে মোট তিনটি পৌরসভা। দক্ষিণ, উত্তর ও পূর্ব। দক্ষিণ ও উত্তরের মোট আসন ১০৪টি করে। পূর্বের আসন সংখ্যা ৬৪। পাঁচ বছর আগের নির্বাচনে বিজেপি তিনটি পৌরসভা দখল করলেও উত্তর ও দক্ষিণে তাদের নিরঙ্কুশ গরিষ্ঠতা ছিল না। এবার তিনটিতেই তারা নিরঙ্কুশ গরিষ্ঠতা পেয়েছে। উত্তরে তারা ১০৪টির মধ্যে ৬৪, দক্ষিণে ১০৪টির মধ্যে ৭০ এবং পূর্বে ৬৪টির মধ্যে ৪৯ আসন পেয়েছে। অর্থাৎ, মোট ২৭২টি ওয়ার্ডের মধ্যে ১৮৩টিই তাদের দখলে এল। আম আদমি পার্টি ৪৪টি ওয়ার্ড জিতে দ্বিতীয় স্থানে রয়েছে। কংগ্রেস ৩২টি পেয়ে তৃতীয়।

এই ফল তিনটি বিষয় স্পষ্ট করে দিল—এক, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্যই বিজেপির ওপর মানুষ বিশ্বাস রাখতে চাইছে। দলের নতুন নেতা ভোজপুরী সিনেমার জনপ্রিয় অভিনেতা ও গায়ক মনোজ তিওয়ারি পুরোনো জয়ী প্রার্থীদের কাউকেই এবার টিকিট দেননি। দুই, বিধানসভা ভোটে আম আদমি পার্টির ওপর আস্থা রাখা যে ভুল হয়েছিল, এবারের ভোটের ফলে তা প্রমাণিত। সেই দিক থেকে দিল্লিবাসীর অনেকের কাছে এটা ‘প্রায়শ্চিত্ত’। তিন, কংগ্রেসকে কাছে টানতে মানুষ এখনো দ্বিধাগ্রস্ত।

রাজধানীতে কংগ্রেসের সাংগঠনিক শক্তি বিশেষ কম নয়। কিন্তু ভোটের আগে রাজ্যস্তরের বেশ কয়েকজন নেতা-নেত্রী কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। অজয় মাকেনের বিরুদ্ধে ভোটের পর সরব হয়েছেন সাবেক মুখ্যমন্ত্রী শীলা দীক্ষিত। দিল্লির উপরাজ্যপাল ও কেন্দ্রের শাসক দলের সঙ্গে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের বিরামহীন ঝগড়াকেও দিল্লিবাসী অনুমোদন করেনি। সব মিলিয়ে এটা বোঝা যাচ্ছে, নরেন্দ্র মোদির প্রতি সব স্তরের মানুষের আস্থা এখনো অটুট।