এবার ধরনায় বসবেন শিলিগুড়ির মেয়র

যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত হানার অভিযোগ তুলে এবার মমতার পথ ধরে কলকাতার মেট্রো চ্যানেলে ধরনায় বসার উদ্যোগ নিয়েছেন শিলিগুড়ির মেয়র অশোক ভট্টাচার্য। তাঁর অভিযোগ, শিলিগুড়ি পৌর করপোরেশনকে রাজ্য সরকার যেভাবে দিনের পর দিন বঞ্চিত করে যাচ্ছে, তা যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় আঘাত। এর প্রতিবাদে মেট্রো চ্যানেলে ধরনায় বসবেন বলে জানান তিনি।
আজ বৃহস্পতিবার ভারতের গণমাধ্যমে এ তথ্য জানানো হয়।
পশ্চিমবঙ্গের শিলিগুড়ি পৌর করপোরেশন এখনো বাম দলের নিয়ন্ত্রণে। এখানের মেয়র অশোক ভট্টাচার্য। সিপিএমের নেতা তিনি। ২০ বছর ছিলেন তিনি রাজ্যের মন্ত্রী। দায়িত্ব সামলিয়েছেন পৌর ও নগর উন্নয়নমন্ত্রীর। এই শিলিগুড়ির পৌর বোর্ডকে তৃণমূল ভেঙে দেওয়ার জন্য বহুবার উদ্যোগ নিলেও তাতে সফল হতে পারেনি। বোর্ড চালাচ্ছে সিপিএম এবং কংগ্রেস নেতৃত্ব যৌথভাবে।
অশোক ভট্টাচার্যের অভিযোগ, পশ্চিমবঙ্গ সরকার এই শিলিগুড়ি পৌর করপোরেশনকে আর্থিক উন্নয়ন থেকে বঞ্চিত করে যাচ্ছে। দিচ্ছে না কোনো আর্থিক সহায়তা। একটি ছোট্ট পৌরসভায় রাজ্য সরকার যেভাবে আর্থিক অনুদান দিয়ে থাকে, শিলিগুড়ি পৌর করপোরেশনে সেটা অনুপস্থিত। তাই এখন এই করপোরেশন হয়েছে রাজ্য সরকারের বঞ্চনার শিকার।
এর আগে গত রোববার ভারতের যুক্তরাষ্ট্রীয় কাঠামোর ওপর কেন্দ্রীয় সরকারের আঘাত হানার অভিযোগ তুলে মেট্রো চ্যানেলে অবস্থান ধর্মঘট করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এই ধরনামঞ্চ থেকে কেন্দ্রীয় সরকার এবং বিজেপির বিরুদ্ধে তোপ দেখিয়েছিলেন তিনি। তীব্র আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। তবে পরে পুলিশ কমিশনার রাজীব কুমারকে এখনই গ্রেপ্তার করা হচ্ছে না—সুপ্রিম কোর্টের এমন রায়ের পর জয় ধরনা সমাপ্ত করেন মমতা। মমতার এই অবস্থান কর্মসূচির প্রতি একাত্মতা ঘোষণা করে কলকাতায় আসেন অন্ধ্র প্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু। সুপ্রিম কোর্টের রায়ে বলা হয়, কেন্দ্রীয় তদন্ত সংস্থা সিবিআই কলকাতা পুলিশের বিরুদ্ধে সুপ্রিম কোর্টে একটি মামলা দায়ের করলে সেই মামলার রায়ে সুপ্রিম কোর্ট জানিয়ে দেন, পশ্চিমবঙ্গের সারদা ও রোজভ্যালি দুর্নীতি মামলায় সিবিআই জেরা করতে পারবে কলকাতার পুলিশ কমিশনার রাজীব কুমারকে। কিন্তু মামলার পরবর্তী তারিখ ২০ ফেব্রুয়ারি পর্যন্ত রাজীব কুমারকে জেরা করার সময় গ্রেপ্তার করতে পারবে না।