এবার কলকাতার নগর দায়রা আদালতে নেতাজি সুভাষচন্দ্র বসুর বিরুদ্ধে ব্রিটিশ সরকারের করা ফৌজদারি মামলাগুলোর নথি প্রকাশ্যে আনার দাবি উঠেছে। ওই সব নথি এখনো নগর দায়রা আদালতের রেকর্ড রুমে সংরক্ষিত আছে।
গত শুক্রবার ভারতের স্বাধীনতাসংগ্রামী নেতাজি সুভাষচন্দ্র বসু-সম্পর্কিত ৬৪টি গোপন নথি প্রকাশ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার।
মহাত্মা গান্ধী, কবি কাজী নজরুল ইসলামসহ বহু বিশিষ্টজনের বিরুদ্ধে ব্রিটিশদের করা ফৌজদারি মামলার বিচার হয়েছিল কলকাতার ওই প্রথম শ্রেণির আদালতে। দাবি উঠেছে, কলকাতার আলীপুর আদালতে বিশিষ্ট ব্যক্তিদের বিশেষ বিশেষ মামলা নিয়ে ‘স্মরণীয় বিচার সংগ্রহ’ নামে যে একটি সংগ্রহশালা রয়েছে, সেভাবে কলকাতার নগর দায়রা আদালতেও একটি সংগ্রহশালা প্রতিষ্ঠা করা হোক।
বিভিন্ন সময় ব্রিটিশবিরোধী বক্তব্য দিতে গিয়ে ‘আজাদ হিন্দ’ বাহিনী গঠন করা সুভাষ বসু ব্রিটিশ পুলিশের রোষানলে পড়েন।