এবার বাড়ল হ্যাল-এর মুনাফা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ‘প্রশ্নবিদ্ধ’ রাষ্ট্রায়ত্ত সংস্থা হিন্দুস্তান অ্যারোনটিক্স লিমিটেডের (হ্যাল) মুনাফা বৃদ্ধি পেয়েছে। ২০১৭-১৮ অর্থবর্ষে তাদের মুনাফা হয়েছে ১৮ লাখ ২৮ হাজার ৩৮৬ রুপি, যা আগের অর্থবর্ষের তুলনায় বেশি। রাষ্ট্রায়ত্ত সংস্থার পক্ষে এই মুনাফা বৃদ্ধির কথা জানানো হয়েছে।

দক্ষিণ ভারতের কর্ণাটক রাজ্যের রাজধানী বেঙ্গালুরুর এই রাষ্ট্রায়ত্ত সংস্থা ইদানীং খবরের কেন্দ্রে উঠে এসেছে ফরাসি যুদ্ধবিমান ‘রাফায়েল’ কেনাবেচা চুক্তিকে কেন্দ্র করে। রাফায়েল-সংক্রান্ত যে চুক্তি সাবেক ইউপিএ সরকার করতে চেয়েছিল, তাতে হ্যালের একটা বড় ভূমিকা থাকত। ওই রাষ্ট্রায়ত্ত সংস্থায় ১০৮টি রাফায়েল প্রযুক্তি হস্তান্তরের মধ্য দিয়ে তৈরি হতো। সেই চুক্তি বদল করে নরেন্দ্র মোদির সরকার যে নতুন চুক্তিতে সই করে, তাতে হ্যালের দায়িত্ব দেওয়া হয়েছে বেসরকারি শিল্পপতি অনিল আম্বানির সংস্থাকে। এ নিয়ে বিতর্ক শুরু হলে ভারতের প্রতিরক্ষামন্ত্রী নির্মলা সীতারামন বলেছিলেন, রাফায়েল তৈরির যোগ্যতা ও ক্ষমতা হ্যালের নেই। বিজেপির আরও এক কেন্দ্রীয় প্রতিমন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছিলেন, হ্যালকে বাদ দেওয়া হয়েছে কারণ, চুক্তি বাস্তবায়নে তারা দ্বিগুণ শ্রমদিবস নষ্ট করত।

হ্যালের প্রতি কেন্দ্রীয় শাসক দল ও সরকারের এই ‘অনাস্থা ও বিতর্কের’ মাঝেই সংস্থাটি তার বার্ষিক রিপোর্ট পেশ করে গত শুক্রবার। তাতে বলা হয়েছে, গত এক বছরে তারা ‘সুখোই-৩০ এমকেআই’, হাল্কা যুদ্ধবিমান ‘তেজস’, ‘ডর্নিয়ার ডিও-২২৮’ সহ মোট ৪০টি যুদ্ধবিমান তৈরি করেছে। এর মধ্যে রয়েছে ‘ধ্রুব’ ও ‘চিতল’ হেলিকপ্টারও। এ ছাড়াও তারা তৈরি করেছে ১০৫টি নতুন ইঞ্জিন, মেরামত করেছে মোট ৭৭০টি এবং অন্তরিক্ষ কর্মসূচির অন্তর্গত ১৪৬টি নতুন অ্যারো-কাঠামোও।

রাফায়েল বিতর্কের মাঝে সদ্য অবসর নেওয়া হ্যালের চেয়ারম্যান টি সুবর্ণ রাজু সম্প্রতি এক সাক্ষাৎকারে জানিয়েছিলেন, হ্যাল ২৫ টনের সুখোই-৩০ যুদ্ধবিমান তৈরি করছে। রাফায়েল তৈরিতেও তারা সক্ষম। দায়িত্ব পেলে অবশ্যই হ্যাল তা তৈরি করে দেখাতে পারত। বার্ষিক রিপোর্ট পেশ করে সংস্থার এক কর্তা সংবাদমাধ্যম এএনআই-কে বলেন, ‘সুখোই ও মিগের মতো জটিল যুদ্ধবিমান আমরা তৈরি করছি। রাফায়েল তৈরি করাও বড় কোনো ব্যাপার নয়।’