এবার বিজেপির নতুন কর্মপরিকল্পনা 'লাভ জিহাদ'
ভারতের ক্ষমতাসীন দল ভারতীয় জনতা পার্টির (বিজেপি) ‘জয় শ্রীরাম’ স্লোগান এবার বুঝি পাল্টে যাচ্ছে। রামমন্দিরের প্রতি তাদের ভালোবাসা এবার মনে হয় রূপ নিচ্ছে ‘লাভ জিহাদে’। খবর এনডিটিভির।
‘লাভ জিহাদ’ বিষয়টা এখনো খুব পরিষ্কার নয়। কিন্তু এখন তা উত্তর প্রদেশ রাজ্য বিজেপির কর্মপরিকল্পনার অংশ। রাজ্যের বৃন্দাবনে গতকাল রোববার দলের বৈঠকের আলোচনায় তাদের এই উদ্দেশ্য ফুটে উঠেছে।
বিজেপির আদর্শিক পরামর্শদাতা সংগঠন সংঘ পরিবারেরই সাম্প্রতিক সৃষ্টি এই ‘লাভ জিহাদ’। তাদের মতে, ভালোবাসা বা বিয়েকে টোপ হিসেবে ব্যবহার করে সংখ্যাগুরু সম্প্রদায়ের মেয়েদের ধর্মান্তরিত করছে সংখ্যালঘুরা। এ ক্ষেত্রে সংখ্যাগুরু বলতে হিন্দু এবং সংখ্যালঘু হিসেবে মূলত মুসলিমদের প্রতি ইঙ্গিত করে তারা।
বৃন্দাবনে বিজেপির গতকালের বৈঠক থেকে এ ইঙ্গিত পাওয়া যাচ্ছে যে দলের ভবিষ্যৎ কৌশলে গুরুত্ব পেতে যাচ্ছে সাম্প্রদায়িক এই মেরুকরণ। বৈঠকের আলোচ্যসূচিতে অভিযোগ করা হয়, নারীদের ওপর সহিংসতার যেসব ঘটনা ঘটছে, তার বেশির ভাগই হচ্ছে ‘একটি বিশেষ সম্প্রদায়ের’ নারীদের ওপর। এ ধরনের ঘটনায় সাম্প্রদায়িক উত্তেজনা বাড়ছে।
বৈঠকে আরও বলা হয়, উত্তর প্রদেশে নারীদের ওপর এ ধরনের ঘটনার জন্য যারা দায়ী, তাদের প্রশ্রয় দিচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী অখিলেশ যাদবের সরকার। রাজ্যে মেয়ে শিক্ষার্থীদের যেসব সুবিধা দেওয়া হয়, তার বেশির ভাগ পায় সংখ্যালঘু সম্প্রদায়ের মেয়েরা। এ ধরনের পক্ষপাতিত্ব আর কোন কোন ক্ষেত্রে করা হচ্ছে, তার একটি তালিকা তৈরি করেছে বিজেপি।
দলের এই অবস্থানকে সমর্থন করে উত্তর প্রদেশ রাজ্য বিজেপির সভাপতি লক্ষ্মীকান্ত বাজপেয়ি বলেন, ‘উত্তর প্রদেশে সাম্প্রদায়িক সংঘাতের যত ঘটনা ঘটেছে, তার মধ্যে ৭১টি ঘটনার পেছনে আছে নারীদের বিরুদ্ধে সহিংসতা।’
বিজেপির আরেক নেতা বিনয় কাতিয়ার এ ক্ষেত্রে আরও খোলামেলা। তাঁর বক্তব্য, ‘ভালোবাসার বিরুদ্ধে জিহাদ শুরু হয়ে গেছে। সাম্প্রদায়িক সহিংতার পেছনের কারণ কেউ যদি একটু গভীরে খতিয়ে দেখেন, তাহলে দেখা যাবে যে ‘তারা’ একটি সম্প্রদায়ের মেয়েদের সঙ্গে সখ্য গড়ে তোলার চেষ্টা করে। এই চেষ্টা ব্যর্থ হলে ‘তারা’ শুধু মেয়েটিকে ধর্ষণ করেই ক্ষান্ত হয় না, এমনকি খুনও করে। ফয়জাবাদের আমানিগঞ্জে এটাই ঘটেছে।’
দলের আরেক নেতা বলেন, ‘সাম্প্রতিক সব দাঙ্গার পেছনে একই গল্প। সংখ্যালঘু সম্প্রদায়ের কোনো ছেলে বা পুরুষের সঙ্গে সম্পর্কের পর মেয়েটি ধর্ষণ বা হত্যার শিকার হচ্ছে।’
তবে বিজেপির এমন একপক্ষীয় ধারণার সঙ্গে একমত নন সীমা মিশ্র। তিনি কাজ করেন ‘অ্যাসোসিয়েশন ফর অ্যাডভোকেসি অ্যান্ড লিগ্যাল ইনিশিয়েটিভ’ নামের একটি সংস্থায়। আন্তসম্প্রদায় বিয়ের পর ঝামেলার মধ্যে পড়া দম্পতিদের সহযোগিতা দেয় সংস্থাটি। সীমা মিশ্র বলেন, ‘পরিবারের অমতে এ ধরনের বিয়ের পর এমনিতে নরক নেমে আসে। পুরুষটির বিরুদ্ধে মামলা করা হয় সন্ত্রাসের অভিযোগে। আর নারীটির ওপর ভয়ানক চাপ সৃষ্টি করে তাঁর পরিবার। তাঁকে দিয়ে এ কথা বলানোর চেষ্টা করা হয় যে তাঁর ইচ্ছার বিরুদ্ধে জোর করে তাঁকে বিয়ে করা হয়েছে। আর এখন রাজনৈতিক স্বার্থে এ ধরনের ঘটনাকে সাম্প্রদায়িক রূপ দেওয়া হচ্ছে।’