এবার বিহারে সাংবাদিককে গুলি
ভারতে কর্ণাটকের বেঙ্গালুরুতে নারী সাংবাদিক গৌরী লঙ্কেশকে (৫৫) গুলি করে হত্যার দুই দিন পর আজ বৃহস্পতিবার বিহারে আরেক সাংবাদিককে গুলি করেছে দুর্বৃত্তরা। ওই সাংবাদিকের নাম পঙ্কজ মিশ্র (৪০)। তিনি রাষ্ট্রীয় ‘সাহারা’ সংবাদপত্রের সাংবাদিক।
টাইমস অব ইন্ডিয়া অনলাইনের প্রতিবেদনে জানানো হয়, আজ সকালে বিহারের আরওয়াল জেলা শহরের বাঁশি থানার কাছে এ ঘটনা ঘটে। এ সময় পঙ্কজের কাছ থেকে এক লাখ রুপি ছিনিয়ে নিয়ে যায় দুর্বৃত্তরা। গুলিবিদ্ধ পঙ্কজকে পাটনা মেডিকেল কলেজে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় জড়িত সন্দেহে একজনকে আটক করেছে পুলিশ।
আরওয়াল জেলার পুলিশ সুপার দিলীপ কুমার বলেন, সাংবাদিক পঙ্কজকে তাঁরই দুই প্রতিবেশী গুলি করেছে। এটা পূর্ব ঘটনার জের হতে পারে। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ একজনকে আটক করেছে। আরেকজন পলাতক।
জেলার সাব-ডিভিশনাল পুলিশ কর্মকর্তা (এসডিপিও) শৈলেন্দ্র কুমার বলেন, সকালে ব্যাংক থেকে টাকা তুলতে পঙ্কজ বাঁশি গ্রাম থেকে মোটরসাইকেলে করে পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের মালি শাখায় গিয়েছিলেন। এক লাখ টাকা তুলে বাড়ি ফেরার পথে পালানওয়া পুল এলাকায় কুন্দন কুমার ও আম্বিকা কুশওয়াহা নামের দুই তরুণ তাঁর গতি রোধ করে। তাঁরা দুজন পঙ্কজের প্রতিবেশী। পঙ্কজ মোটরসাইকেল থামালে তাঁরা বাড়ি যাবেন বলে ওই মোটরসাইকেলে ওঠেন। কিছু দূর যাওয়ার পর আবার মোটরসাইকেল থামিয়ে কুন্দন ও আম্বিকা গুলি করে পঙ্কজের টাকা নিয়ে পালিয়ে যান। এ সময় পঙ্কজের চিৎকারে গ্রামবাসী এগিয়ে গিয়ে ওই তরুণদের চিনে ফেলেন। পালানোর সময় স্থানীয় এক নারী আম্বিকাকে আটক করেন। কিন্তু তিনি ওই নারীকে ধাক্কা দিয়ে পিস্তল ও টাকা নিয়ে পালিয়ে যান। পরে অভিযান চালিয়ে কুন্দনকে পুলিশ আটক করে।
শৈলেন্দ্র কুমার বলেন, মোটরসাইকেল চুরির অপরাধে কুন্দন ও আম্বিকা কারাগারে ছিলেন। কুন্দন গত ২৮ জুলাই ও আম্বিকা ১০ দিন আগে জামিনে কারাগার থেকে বেরিয়ে আসেন।
বিহারের মুজাফফরপুর জেলায় আজ সকালে মনোজ কুমার নামের আরেক সাংবাদিককে মারধর করেছেন মাদক ব্যবসায়ীরা।
জেলার আহিয়াপুর থানার স্টেশন হাউস অফিসার বিজয় কুমার বলেন, মনোজ কুমার একটি হিন্দি দৈনিকের ব্যুরো প্রধান। তাঁকে শ্রীকৃষ্ণ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। এ ঘটনায় এফআইআর দায়েরের প্রস্তুতি চলছে।
গত মঙ্গলবার রাতে বেঙ্গালুরুতে গৌরী লঙ্কেশ (৫৫) নামের এক সাংবাদিককে গুলি হত্যা করে দুষ্কৃতকারীরা। গৌরী লঙ্কেশ ‘লঙ্কেশ’ নামের ট্যাবলয়েড চালাতেন। তাঁর বাবা একজন লেখক ছিলেন।