এবার লুধিয়ানায় চলন্ত গাড়িতে ধর্ষণ
ভারতে চলন্ত গাড়িতে আবার এক তরুণীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। গত শনিবার রাতে পাঞ্জাব রাজ্যের লুধিয়ানার একটি এলাকা থেকে অজ্ঞাত দুর্বৃত্তরা ২৩ বছর বয়সী ওই তরুণীকে তুলে নিয়ে যাওয়ার পর এ ঘটনা ঘটে। গতকাল রোববার পুলিশ এ কথা জানায়।
মেডিকেল ছাত্রী নির্ভয়াকে গণধর্ষণের পর হত্যার ঘটনায় নির্মিত তথ্যচিত্র ‘ইন্ডিয়াস ডটার’ এবং নাগাল্যান্ডে ধর্ষণের অভিযোগে আটক ব্যক্তিকে পিটিয়ে হত্যার ঘটনায় দেশজুড়ে যখন তোলপাড়, এ সময় চলন্ত গাড়িতে আবার তরুণীকে ধর্ষণের ঘটনা ঘটল।
রোববার এনডিটিভি অনলাইনের খবরে জানানো হয়, পুলিশ কমিশনার প্রমোদ বান জানান, রাজ গুরু নগরে ওই তরুণী অর্থদাতা অতিথি হিসেবে একটি পরিবারের সঙ্গে থাকতেন। কাছেই তরুণীর এক বন্ধবী আরেকটি পরিবারে একইভাবে থাকেন। গত শনিবার রাতে তিনি তাঁর বান্ধবীর সঙ্গে দেখা করতে যান। সেখান থেকে ভোরের দিকে বাসায় ফেরার পথে হঠাৎ একটি গাড়ি এসে তাঁর পাশে থামে। এরপর তাঁকে জোর করে তুলে নিয়ে যায়।
পুলিশকে দেওয়া ওই তরুণীর ভাষ্য, গাড়িতে তিনজন ছিল। এর মধ্যে দুজন তাঁকে ধর্ষণ করে। এরপর তারা তাঁকে আগের জায়গায় ফেলে চলে যায়।
প্রমোদ বানের ভাষ্য, ধর্ষণের শিকার ওই তরুণী লুধিয়ানার একটি অভিজাত হোটেলে চাকরি করেন। ডাক্তারি পরীক্ষায় তরুণীর ধর্ষণের ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে।
পুলিশ কমিশনার জানান, এ ঘটনায় অজ্ঞাত তিনজনকে আসামি করে অপহরণ ও গণধর্ষণের মামলা হয়েছে। ওই এলাকায় থাকা সিসিটিভি ক্যামেরা ফুটেজ দেখে ওই ব্যক্তিদের শনাক্ত করা হবে।
২০১২ সালের ১৬ ডিসেম্বর রাতে নয়াদিল্লিতে ২৩ বছর বয়সী এক মেডিকেল শিক্ষার্থীকে চলন্ত বাসে ধর্ষণের পর হত্যা করা হয়। ওই ঘটনার পর ভারতজুড়ে প্রতিবাদের ঝড় ওঠে। সাংবাদিকতায় অনুসৃত নীতি অনুযায়ী পরিচয় গোপন রাখতে মেয়েটির কল্পিত কয়েকটি নাম দেওয়া হয়, যার একটি ‘নির্ভয়া’। নির্ভয়ার মৃত্যু-পরবর্তী পরিস্থিতি তুলে ধরে ব্রিটিশ তথ্যচিত্র নির্মাতা লেসলি উডউইন নির্মাণ করেন প্রামাণ্যচিত্র ‘ইন্ডিয়াস ডটার’। ছবিটি ‘নারীদের মধ্যে উদ্বেগ ও আতঙ্কজনক পরিস্থিতি তৈরি করেছে’—এমন যুক্তি দেখিয়ে গত বুধবার দিল্লি হাইকোর্ট ওই তথ্যচিত্র ভারতে প্রচার নিষিদ্ধ করেন। তথ্যচিত্রটিতে সাজাপ্রাপ্ত ধর্ষণকারীদের একজন মুকেশ সিং তার কুকর্মের পক্ষে সাফাই গেয়ে কথা বলে। এ কারণেই ওই তথ্যচিত্র প্রচারের বিরুদ্ধে অবস্থান নেয় ভারত সরকার। তবে এটি প্রচার না করতে অনুরোধ করার পরও বিবিসি গত বৃহস্পতিবার প্রামাণ্যচিত্রটি প্রচার করে। এ কারণে বিবিসির বিরুদ্ধে শর্ত ভঙ্গের অভিযোগে ব্যবস্থা নেওয়া হুমকি দিয়েছে ভারত।
গত শুক্রবার নাগাল্যান্ডের ডিমাপুরে সৈয়দ ফরিদ খান নামের এক ব্যক্তিকে স্থানীয় কারাগার থেকে বের করে পিটিয়ে মেরে ফেলে কয়েক হাজার মানুষ। স্থানীয় এক আদিবাসী নারীকে ধর্ষণের অভিযোগে তিনি ২৪ ফেব্রুয়ারি থেকে কারাগারে ছিলেন। ফরিদ খানকে হত্যায় জড়িত থাকার ঘটনায় ১৮ জনকে গতকাল গ্রেপ্তার করেছে পুলিশ।
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক পদস্থ কর্মকর্তা টেলিভিশন চ্যানেল এনডিটিভিকে বলেন, ফরিদ খানের হত্যাকাণ্ডে পুলিশ সদস্যরা জড়িত বলে সন্দেহ করা হচ্ছে। তিনি বলেন, ‘ক্ষুব্ধ লোকজন কীভাবে ফরিদকে চিনতে পারল, এটা একটা বড় প্রশ্ন।’