
ভারতের মালয়ালাম ভাষার ঔপন্যাসিক সারা জোসেফ তাঁর সাহিত্য আকাদেমি পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছেন। উত্তর প্রদেশের দাদরায় গরুর মাংস খাওয়া নিয়ে গুজবে এক মুসলিমকে হত্যার ঘটনায় ক্ষুব্ধ হয়ে তিনি পুরস্কার ফিরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। গতকাল শনিবার পুরস্কার ফিরিয়ে দেওয়ার ঘোষণা দিয়ে সারা জোসেফ বলেন, ‘আমাদের দেশ এখন কঠিন সময় পার করছে। ভারতে জরুরি অবস্থা জারির সময়কার ওই কালো দিনগুলোর চেয়েও এখন পরিস্থিতি খারাপ।’ তিনি বলেন, ‘মর্যাদাপূর্ণ পুরস্কারটি পেয়ে আমি সম্মানিত বোধ করেছিলাম। তবে দেশের বিদ্যমান অবস্থায় আমাদের লেখকদের কিছু করার আছে। আর তাই প্রতিবাদের অংশ হিসেবেই আমি পুরস্কার এবং এর সঙ্গে পাওয়া অর্থ ফিরিয়ে দিতে চাই।’ সারা জোসেফ ২০০৪ সালে আকাদেমি পুরস্কার পান। সম্প্রতি লেখক নয়নতারা সেহগাল ও কবি অশোক বাজপেয়ি সাহিত্য আকাদেমি পুরস্কার প্রত্যাখ্যান করেন।
ইন্ডিয়া টুডে