এবারও মেলেনি অ্যাম্বুলেন্স

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উত্তর প্রদেশের দিনমজুর উদয়বীর তাঁর ১৫ বছরের কিশোর ছেলে পুষ্পেন্দ্রর চিকিৎসা করাতে গিয়েছিলেন উত্তর প্রদেশের এটওয়ার একটি সরকারি হাসপাতালে। কিন্তু চিকিৎসা পায়নি ছেলেটি। হাসপাতালেই মারা যায় পুষ্পেন্দ্র।

সন্তানের মৃত্যুর পর শোক চাপা দিয়ে মৃতদেহ বাড়িতে নিতে উদয়বীর একটি স্ট্রেচার ও অ্যাম্বুলেন্স-সুবিধা চান হাসপাতাল কর্তৃপক্ষের কাছে। হাসপাতাল কর্তৃপক্ষকে মরদেহ নিতে বিনা মূল্যে অ্যাম্বুলেন্স সুবিধা দিতে হবে—এমন আইন থাকলেও এ ক্ষেত্রে তা করেনি তারা। এ কারণে পুত্রের মৃতদেহ কাঁধে নিয়ে বাড়ির পথে রওনা দেন দরিদ্র বাবা উদয়বীর।

কিছু দূর যাওয়ার পর এই দৃশ্য দেখে এক যুবক উদয়বীর আর তাঁর পুত্রের মরদেহ নিজের মোটরসাইকেলে করে পৌঁছে দেন তাঁদের বাড়িতে। গতকাল মঙ্গলবার গণমাধ্যমে প্রকাশিত হয় এ খবর।

কিছুদিন আগে ওডিশার কালাহান্ডির দানা মাঝির জীবনেও একই ধরনের ঘটনা ঘটে। হাসপাতালে দানা মাঝির স্ত্রীর মৃত্যু হয়। মৃতদেহ বাড়ি নিয়ে যেতে দানা মাঝির ক্ষেত্রেও মেলেনি কোনো অ্যাম্বুলেন্স। দরিদ্র দানা মাঝি অর্থের অভাবে সেই লাশ কাঁধে নিয়ে রওনা দেন বাড়ির পথে। কিশোরী মেয়েকে সঙ্গে নিয়ে হাঁটেন ১০ কিলোমিটার পথ। পরে স্থানীয়রা একটি অ্যাম্বুলেন্স জোগাড় করে দিলে তাতে করেই গ্রামের বাড়িতে পৌঁছান তাঁরা। সে সময় কাঁধে স্ত্রীর মরদেহ নিয়ে দানা মাঝির হেঁটে যাওয়ার ছবি গণমাধ্যমে আসার পর ভারতের এই অ্যাম্বুলেন্স সেবা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠে। তবে এর কিছুদিন পর একই রকম ঘটনা ঘটে আসামে। অ্যাম্বুলেন্স জোগাড় না হওয়ায় ছোট ভাইয়ের লাশ সাইকেলে বেঁধে নিয়ে গ্রামের বাড়িতে যান বড় ভাই।