এবারও হলো না কলকাতার রেড রোডে ঈদের জামাত
ভারতের করোনাভাইরাসের সংক্রমণের প্রকোপ কমে এসেছে। অবশ্য এবারও দেশটির পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার রেড রোডে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত হলো না। তবে আজ বুধবার কলকাতাসহ গোটা পশ্চিমবঙ্গে বিভিন্ন মসজিদে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এর আগে ঈদুল ফিতরেও রেড রোডে ঈদের নামাজ আদায় করা সম্ভব হয়নি। তবে সামাজিক দূরত্ব মেনে আজ কলকাতার ঐতিহাসিক সব মসজিদসহ রাজ্যের ৬০ হাজার মসজিদে নামাজ আদায় করেছেন মুসল্লিরা। কলকাতার ঐতিহাসিক নাখোদা মসজিদের ইমাম শফিক কাজমি গতকালই জানিয়ে দিয়েছেন, এবারও কলকাতার ঐতিহাসিক রেড রোডের ঈদের নামাজ হচ্ছে না করোনার কারণে। তবে রাজ্যের সব মসজিদেই করোনাবিধি মেনে আদায় হচ্ছে পবিত্র ঈদুল আজহার নামাজ।
আজ সকাল থেকেই ধর্মপ্রাণ মুসলমানরা ঈদের নামাজ আদায় করার জন্য বিভিন্ন মসজিদে ছুটে গেছেন। আর সেখানে নামাজ আদায় শেষে মুসল্লিরা দেশকে করোনা মুক্তি, অগ্রগতি এবং সাম্প্রদায়িক সম্প্রীতি দৃঢ় করার লক্ষ্যে বিশেষ মোনাজাত করেন।
পবিত্র ঈদ উপলক্ষে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা ঈদের শুভেচ্ছা জানিয়েছেন দেশবাসীকে। মুখ্যমন্ত্রী মমতা প্রার্থনা করেছেন, এবার এই পশ্চিমবঙ্গ রাজ্যে গড়ে উঠুক সাম্প্রদায়িক সম্প্রীতির বন্ধন।
এদিকে কলকা নাখোদা মসজিদের নামাজকালীন বেশ কিছু মুসল্লি জায়গা না পেয়ে মসজিদের সামনের রাস্তায় করোনাবিধি মেনে নামাজ আদায় করেন। এ ছাড়া কলকাতার ঐতিহাসিক টিপু সুলতান মসজিদ, মেটিয়াব্রুজ, খিদিরপুর, মল্লিক বাজার, রাজাবাজার, বেলগাছিয়া, আনোয়ার শাহ রোড, পার্ক সার্কাসসহ শহরের বিভিন্ন নামী মসজিদে নামাজ আদায় হয়েছে। বাড়িতে বাড়িতেও ঘরোয়াভাবে নামাজ আদায় হয়েছে।