এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ের হুমকি
এয়ার ইন্ডিয়ার বিমান ছিনতাইয়ে টেলিফোন হুমকির পর ভারতের সব বিমান বন্দরে বাড়তি সতর্কতা জারি করা হয়েছে। শনিবার বিকেলে কলকাতার সেন্ট্রাল অ্যাভিনিউয়ে এয়ার ইন্ডিয়ার কেন্দ্রীয় অফিসে এই টেলিফোন হুমকি আসে। পুলিশ সূত্রে বলা হয়েছে, ২৫ বছর বয়সী এক যুবক ল্যান্ডফোন থেকে এই হুমকি দিয়েছে।
টেলিফোনে এই হুমকি পাওয়ার পর জরুরি বৈঠকে বসেন এয়ার ইন্ডিয়ার কর্মকর্তারা। এর পরপরই এই ফোনকে গুরুত্ব দিয়ে কলকাতা বিমানবন্দরে জারি করা হয় বাড়তি সতর্কতা। বিষয়টি জানানো হয় কেন্দ্রীয় স্বরাস্ট্র মন্ত্রণালয়কেও। তারপর ভারতের সব বিমানবন্দরেও বাড়তি সতর্কতা জারি করা হয়।
কলকাতার বিমানবন্দরের নিরাপত্তার দায়িত্বে রয়েছে বিশেষ নিরাপত্তা বাহিনী সিআইএসএফ। এই ফোনের পরপরই সিআইএসএফ কলকাতা বিমানবন্দরে সতর্কতা বাড়িয়ে দিয়েছে। পাশাপাশি বাড়ানো হয়েছে যাত্রী তল্লাশিও। নজরদারিও বাড়ানো হয়েছে প্রতিটি বিমান বন্দরে। ইতোমধ্যেই ফোনে এই হুমকির পর কলকাতার বউবাজার থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। কলকাতার পুলিশ কমিশনার সুরজিত্ পুরকায়স্থ এই ফোনটি কোথা থেকে এসেছে তা তদন্ত করে দেখার নির্দেশ দিয়েছেন।