এলটিটিইর গুপ্তচর ছিল রাজীব গান্ধীর বাসভবনে!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তামিল বিচ্ছিন্নতাবাদী সংগঠন এলটিটিইর কোনো গুপ্তচর কি ভারতের সাবেক প্রধানমন্ত্রী রাজীব গান্ধীর বাসভবনে থেকে গুরুত্বপূর্ণ নানা তথ্য পাচার করত? তাঁর সাবেক সহযোগী আর ডি প্রধানের লেখা মাই ইয়ারস উইথ রাজীব অ্যান্ড সোনিয়া বইয়ে এ রকমই ইঙ্গিত দেওয়া হয়েছে।খবর টাইমস অব ইন্ডিয়ার।
ডি প্রধান আরও লিখেছেন, নয়াদিল্লির ১০ জনপথ সড়কের সেই বাসভবনে এলটিটিইর গুপ্তচরদের যাতায়াত ছিল বলে রাজীবের স্ত্রী সোনিয়াও সম্ভবত সন্দেহ করতেন। আততায়ীর হামলায় রাজীব গান্ধী নিহত হওয়ার ঘটনা তদন্তকারী দুটি কমিশনের (ভার্মা ও জেইন) সংগৃহীত তথ্যে সে রকম ইঙ্গিত রয়েছে। সন্দেহভাজন অনেককে গ্রেপ্তার ও কয়েকজনকে অভিযুক্ত করা হলেও প্রকৃত ঘটনা আড়ালেই রয়ে যাবে বলে তিনি মনে করেন।
ডি প্রধান লিখেছেন, মনে হচ্ছে, দূরে অবস্থানকারী প্রভাবশালী ব্যক্তিরা রাজীব হত্যার ষড়যন্ত্রে জড়িত ছিলেন। আর তাঁদের কাছে তথ্য সরবরাহের জন্য ১০ জনপথ সড়কের বাড়িটিতে গুপ্তচর মোতায়েন ছিল।
তামিলনাড়ু রাজ্যে ১৯৯১ সালের ২১ মে এক নির্বাচনী জনসভায় বোমা বিস্ফোরণে রাজীব গান্ধী নিহত হন।
রাজীব প্রধানমন্ত্রী থাকাকালে আর ডি প্রধান দেড় বছর স্বরাষ্ট্রসচিবের দায়িত্ব পালন করেন। আর সোনিয়ার সঙ্গে তাঁর কংগ্রেস দপ্তরে কাজ করেন ১৯৯৮-২০০৩ মেয়াদে।