এলাহাবাদ হাইকোর্টে ব্যাগভর্তি বিস্ফোরক
ভারতের এলাহাবাদ হাইকোর্ট প্রাঙ্গণ থেকে আজ শুক্রবার প্লাস্টিকের ব্যাগ ভর্তি বিস্ফোরক উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। কঠোর নিরাপত্তার মধ্যে থাকা হাইকোর্ট প্রাঙ্গণে এমন ঘটনায় নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।
পুলিশ অবশ্য বলছে, গ্রেপ্তার হওয়া ব্যক্তি বিস্ফোরকভর্তি ব্যাগ হাইকোর্ট প্রাঙ্গণে রেখে নিজেই সবাইকে সতর্ক করার চেষ্টা করেন। ওই ব্যক্তি সতর্ক করে দিয়ে পুরস্কার পাওয়ার আশায় এ ঘটনা ঘটিয়েছেন।
এলাহাবাদের জ্যেষ্ঠ পুলিশ সুপার সালাব মাথুর সংবাদ সম্মেলন করে জানান, বিস্ফোরক উদ্ধারের ঘটনায় সন্তোষ কুমার আগ্রাহরি নামের একজনকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি হাইকোর্টে এক দশকেরও বেশি সময় ধরে অস্থায়ী ভিত্তিতে কাজ করেন। সিসিটিভির ফুটেজ দেখে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আগের রাতে তাঁর চলাফেরা সন্দেহজনক ছিল।
সালাব মাথুর আরও জানান, গ্রেপ্তার সন্তোষ জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন, তিনিই ওই বিস্ফোরক ভর্তি ব্যাগ হাইকোর্ট প্রাঙ্গণে আনেন। বিস্ফোরক দেখিয়ে সবাইকে সতর্ক করে দেওয়ার জন্য তিনি পুরস্কার পাবেন—এই আশা করেছিলেন। সেই পুরস্কার হিসেবে তাঁর চাওয়া ছিল, এক দশক ধরে অস্থায়ী ভিত্তিতে থাকা চাকরিটা যেন স্থায়ী হয়। সেই পরিকল্পনা থেকেই এই কাজ করেছেন।