এলেন আমু, গুয়াহাটিতে শিল্পপতিদের চাঁদের হাট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ টানতে অভিনব উদ্যোগ আসাম সরকারের। আয়োজন করা হয়েছে 'অ্যাডভান্টেজ অসম'। শিল্পপতিদের নিয়ে দুদিনের এই উৎসব শুরু হচ্ছে শনিবার। উদ্বোধন করবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অন্যান্যদের মধ্যে উপস্থিত থাকছেন বাংলাদেশের শিল্পমন্ত্রী আমির হোসেন আমুসহ ২০০টি রাষ্ট্রের প্রতিনিধিরা। থাকছেন রতন টাটা, অনিল আম্বানি, সুভাষ চন্দ্রা থেকে শুরু করে বিশিষ্ট শিল্পপতিরা। আসামে শিল্পপতিদের আকৃষ্ট করাই এই সম্মেলনের উদ্দেশ্য।

ব্রহ্মপুত্রের পারে চাঁদের হাট বসতে চলেছে। ইতিমধ্যেই ভুটান, নেপাল, লাওস, মিয়ানমার, বাংলাদেশ প্রভৃতি দেশ থেকে প্রতিনিধিরা আসতে শুরু কের দিয়েছেন। পাশ্চাত্যের দেশগুলির কূটনীতিকরাও আসছেন ‘অ্যাডভান্টেজ অসমে’ যোগ দিতে। এই সম্মেলনে সবচেয়ে বেশি গুরুত্ব পাচ্ছে যোগাযোগ। মোদি সরকারের ‘অ্যাক্ট ইস্ট পলিসি’কে গুরুত্ব দিয়ে আসামের বিজেপি সরকার বোঝাবার চেষ্টা করছে এই রাজ্যকে কেন্দ্র করে এই অঞ্চলের বিভিন্ন দেশের মধ্যে শিল্প, বাণিজ্য ও যোগাযোগের নতুন দিগন্ত খোলা সম্ভব। আসাম হয়ে উঠতে পারে দক্ষিণ পূর্ব এশিয়ার শিল্প নগরী। সেই লক্ষ্যেই শিল্পপতিদের ডাকা হয়েছে এখানে।

আসামের এই বিনিয়োগ মেলায় গুরুত্ব পাচ্ছে ব্রহ্মপুত্র ও বরাক নদীর সীমান্তের উভয় পারেই সংস্কারের বিষয়টিও। দুই নদীর সংস্কারের মধ্যে বাংলাদেশের সঙ্গে যোগাযোগ ব্যবস্থার আরও উন্নতি করতে চায় অসম। জানালেন, অসমের পরিবহন মন্ত্রী চন্দ্রমোহন পাটোয়ারি। প্রথম আলোকে তিনি বলেন, বাংলাদেশ থেকেও প্রাথমিক সম্মতি পাওয়া গিয়েছে। সীমান্তের উভয় পারেই নদীর খনন করা হবে ভারতীয় অর্থায়নে।

পাটোয়ারি আরও জানান, এই সম্মেলনে শুধু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীই নন, অন্যান্য মন্ত্রকের ভারপ্রাপ্তরাও আসছেন। বিভিন্ন বিষয়ে দ্রুত সিদ্ধান্ত গ্রহণের জন্য নয়া শিল্পনীতিও গৃহীত হতে পারে এই সম্মেলনের শেষে। পাটোয়ারির দাবি, অসমে এখন শান্তি রয়েছে। রয়েছে শিল্প বান্ধব সরকার। তাই দ্রুত উন্নয়নের মাধ্যমে শান্তিকে ধরে রাখতে চায় আসাম।

তবে এই সম্মেলনকে 'টাকার শ্রাদ্ধ' বলে কটাক্ষ করেছে কংগ্রেস। সাংবাদিকদের সামনে সাবেক মুখ্যমন্ত্রী তরুণ গগৈয়ের মতে, রাজ্যের শিল্প দিন দিন উঠে যাচ্ছে। জিডিপি এসে ঠেকেছে তলানিতে। এই অবস্থায় জনরোষ ধামাচাপা দিতে বিজেপি শিল্পায়নের নামে সরকারি অর্থে নিজেদের প্রচারের ঢাক পেটাচ্ছে বলেও কটাক্ষ করেন তিনি।

বিরোধীরা যাই বলুন না কেন আসামের মুখ্যমন্ত্রী সর্বানন্দ সোনোয়াল নিজে এই সম্মেলনের সাফল্য নিয়ে বেশ আশাবাদী। সাংবাদিকদের কাছে তাঁর দাবি, গোটা দেশের পাশাপাশি প্রতিবেশীদের কাছে আসামের সম্ভাবনা তুলে ধরা যাবে এই সম্মেলনের মাধ্যমে। অচিরেই আসামে বড় ধরনের বিনিয়োগ আসবে বলেও আত্মবিশ্বাসী সোনোয়াল।