এশিয়ার একটি দেশ সন্ত্রাস ছড়াচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সমাবেশে নরেন্দ্র মোদি
সমাবেশে নরেন্দ্র মোদি

পাকিস্তানের দিকে ইঙ্গিত করে ভারতীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছেন, এশিয়ার একটি দেশ সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। তারা ওসামা বিন লাদেনের মতো আরও অনেক সন্ত্রাসীকে আশ্রয় দিচ্ছে। ভারত উরি হামলার সমুচিত জবাব দেবে।

ভারতশাসিত কাশ্মীরের উরির সেনা ছাউনিতে সন্ত্রাসী হামলার প্রেক্ষাপটে গতকাল শনিবার কেরালায় ক্ষমতাসীন বিজেপির  সমাবেশে এ মন্তব্য করেন মোদি। ওই হামলায় ভারতের ১৮ জন সেনা নিহত হন। ওই ঘটনার পর এই প্রথম দলীয় বৈঠকে মন্তব্য করলেন মোদি।

মোদি বলেন, ‘বর্তমান শতাব্দী এশিয়ার। এশিয়ার সব দেশ এই শতাব্দীকে এশিয়ার উন্নতির জন্য কাজে লাগাতে আপ্রাণ চেষ্টা করছে। কিন্তু এশিয়ার একটি দেশ সন্ত্রাসবাদ ছড়াচ্ছে। ওই দেশ উন্নয়নের পথে বাধা। তারা অন্য দেশে সন্ত্রাসবাদ পাচার করছে। বাংলাদেশ কিংবা আফগানিস্তান যেখানেই হোক, ওই দেশটি সবখানে আতঙ্কের কারণ হিসেবে পরিণত হয়েছে।’

ভারতের প্রধানমন্ত্রী বলেন, ওসামা বিন লাদেনের মতো বহু সন্ত্রাসী ওই দেশকে আশ্রয় বানিয়ে অবস্থান করে।

উরি হামলার প্রসঙ্গ উল্লেখ করে মোদি বলেন, ভারত সন্ত্রাসের সামনে কখনোই ভীত ছিল না, আগামী দিনেও ভীত হবে না। তিনি বলেন, ‘কাশ্মীরের উরিতে সন্ত্রাসীরা প্রতিবেশী দেশের সহায়তা নিয়ে হামলা করে ভারতের ১৮ জন সেনাকে মেরে ফেলেছে। ভারত ওই হামলার ঘটনা ভুলবে না। এর সমুচিত জবাব দেওয়া হবে।’

পাকিস্তানের জনগণের উদ্দেশে মোদি বলেন, ‘আপনাদের নেতাদের জিজ্ঞাসা করুন, দুই দেশই একই সময় স্বাধীন হয়েছিল। তাহলে কেন ভারত সফটওয়্যার রপ্তানি করছে আর পাকিস্তান সন্ত্রাসবাদ রপ্তানি করছে।’ তিনি বলেন, ‘আমি পাকিস্তানের জনগণের উদ্দেশে বলতে চাই, ১৯৪৭ সালের আগে আপনাদের পূর্বপুরুষেরা এই ভূখণ্ডকে (ভারত) ভালোবাসত।’

মোদি বাংলাদেশ ও বেলুচিস্তান ইস্যুতে পাকিস্তানের শাসক শ্রেণির আচরণের তীব্র সমালোচনা করেন।

এর আগে গতকালই সশস্ত্র বাহিনীর সর্বোচ্চ কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসেন নরেন্দ্র মোদি।  বৈঠকে অংশ নেন সেনাপ্রধান জেনারেল দলবীর সিং সুহাগ, বিমানবাহিনীর প্রধান অরূপ রাহা এবং নৌবাহিনীর ভাইস অ্যাডমিরাল কে বি সিং ও  জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত দোভাল। প্রতিরক্ষা বাহিনী সূত্র একে নিয়মিত বৈঠক বলেছে। তবে ভারতের বার্তা সংস্থা এএনআই বলছে, উরি সেনাশিবিরে হামলা এবং দেশের নিরাপত্তাসংক্রান্ত বিষয়ই বৈঠকের মূল আলোচ্য বিষয় ছিল।