এয়ার ইন্ডিয়ায় মোটাসোটা ক্রুরা বাদ!
ভারতে রাষ্ট্রায়ত্ত বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ফ্লাইটগুলোতে এখন থেকে আর দায়িত্ব পালন করতে পারবেন না স্থূলকায় ‘এয়ার হোস্টেস’ বা কেবিন ক্রুরা। সংস্থাটি অতিরিক্ত ওজনের কারণে এ ধরনের প্রায় ১২৫ জন কর্মীকে ‘গ্রাউন্ড ডিউটি’তে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
শ্রমিক সংগঠনগুলো এ সিদ্ধান্তের তীব্র বিরোধিতা করেছে। তবে কর্তৃপক্ষ ও বিশেষজ্ঞরা বলছেন, লোকসানে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়াকে বাঁচাতে ‘মোটাসোটা’ এয়ার হোস্টেসদের সরিয়ে দেওয়ার বিকল্প নেই। খবর বিবিসি বাংলার।
ভারতে এখন আধুনিক মানের অন্তত ছয়-সাতটি বেসরকারি এয়ারলাইনের সঙ্গে নিয়মিত পাল্লা দিতে হয় সরকারি সংস্থা এয়ার ইন্ডিয়াকে। কিন্তু দেশটির একটি বহুজাতিক সংস্থায় কর্মরত আশিস ধরের অভিজ্ঞতা হলো এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে উঠলেই বেশির ভাগ সময় মোটাসোটা ও বয়স্ক এয়ার হোস্টেসরাই কেবিনে তাঁদের স্বাগত জানিয়ে থাকেন। যাত্রীদের এমন ক্ষোভ সামাল দিতেই এয়ার ইন্ডিয়া ১২৫ জনের বেশি ফ্লাইট অ্যাটেনডেন্ট ও এয়ার হোস্টেসকে অন্য কাজে সরিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
আশিস ধরের মতে, সিদ্ধান্তটা সঠিক। কারণ, প্লেনের ভেতর নড়াচড়ার জায়গাও খুব অল্প। তিনি বলেন, ‘সরু জায়গার মধ্যে অনেক সময় যাত্রীদের সাহায্য করতে হয়। সেখানে নিজেরাই যদি বিশাল দেহের হন, তাহলে সেটা তো মুশকিলই!’
কিন্তু ভারতের শ্রমিক সংগঠনগুলো এরই মধ্যে এয়ার ইন্ডিয়ার এ সিদ্ধান্তের বিরুদ্ধে সরব হয়েছে। জাতীয় শ্রমিকনেতা ও পার্লামেন্ট সদস্য তপন সেন বলেন, ‘এয়ার ইন্ডিয়ার চাকরির বিধিতে ওজনের কারণে কোনো কর্মীর সঙ্গে বৈষম্য করার সুযোগ নেই।’
কিন্তু বেসামরিক বিমান পরিবহন খাতের বিশেষজ্ঞরা বলছেন, লোকসানে ধুঁকতে থাকা এয়ার ইন্ডিয়াকে চাঙা করতে হলে এ ধরনের কঠোর সিদ্ধান্ত নিতেই হবে। সেন্টার ফর এশিয়া প্যাসিফিক এভিয়েশনের পরিচালক কপিল কাউল বলেন, ‘গ্রাহকসেবানির্ভর এ শিল্পে বেশি ওজনের কেবিন ক্রু রাখাই যায় না।’
বিষয়টি স্পর্শকাতর হওয়ায় এয়ার ইন্ডিয়া এখনো এ সিদ্ধান্ত নিয়ে প্রকাশ্যে কোনো বিবৃতি দেয়নি। তবে সংস্থার সূত্রগুলো বলেছে, বিমান পরিবহনশিল্পে কেবিন ক্রুকে অনেক ধরনের আপত্কালীন পরিস্থিতি সামলাতে হয়। ফলে তাঁদের ফিটনেসের সঙ্গে কোনো আপস করা সম্ভব নয়।