ঐক্য আর কংগ্রেসের সঙ্গে জোট নিয়ে প্রশ্ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বাবা মুলায়মের সঙ্গে অখিলেশ (বাঁয়ে)
বাবা মুলায়মের সঙ্গে অখিলেশ (বাঁয়ে)

ভোট-নির্ঘণ্ট ঘোষণা হয়ে গেছে, কিন্তু উত্তর প্রদেশের শাসক দল সমাজবাদী পার্টি কীভাবে এই ভোটের মোকাবিলায় নামতে চলেছে, তা গতকাল শুক্রবারও স্পষ্ট হয়নি। ব্যাপক কোন্দলের মধ্যে দল অটুট থাকবে কি না, সেটা যেমন বড় প্রশ্ন, তেমনই প্রশ্ন কংগ্রেসের সঙ্গে জোট হবে কি না।

উত্তর প্রদেশের ভোট সাত দফায়। ১১ ফেব্রুয়ারি থেকে ৮ মার্চ। গণনা ১১ মার্চ। কিন্তু ভোটের ছবিটা কেমন হবে, সমাজবাদী পার্টির নেতা-কর্মী ও সমর্থকেরা সে বিষয়ে এখনো নিশ্চিত নন। দল অটুট থাকবে কি না, না থাকলে পিতা-পুত্রের মধ্যে কার দিকে থাকবে সংখ্যাগরিষ্ঠ সমর্থকের সমর্থন, তা বড় হয়ে উঠছে। মোক্ষম প্রশ্ন দলের নাম ও প্রতীককে কেন্দ্র করে। দলের নির্বাচনী প্রতীক সাইকেলের দাবিদার পিতা-পুত্র দুজনই। বিষয়টি নির্বাচন কমিশনের বিবেচনাধীন।

এই অবস্থায় গতকাল সকাল থেকে দলের বিবাদ মেটাতে মুলায়ম সিং যাদবের শিবিরে তৎপরতা দেখা যায়। মুলায়মের ভাই শিবপাল সকালেই চলে যান ভাইপো মুখ্যমন্ত্রী অখিলেশ সিং যাদবের কাছে। সেখান থেকে বেরিয়ে তিনি যান মুলায়মের বাড়ি। মুলায়ম একবার বলেছিলেন বিকেলে সংবাদ সম্মেলন করবেন। কিন্তু কিছুক্ষণ পরই তা বাতিল করে দেন। এরপর মুলায়ম ও শিবপালের সঙ্গে বৈঠকে যোগ দেন রাজ্যসভার সদস্য অমর সিং, মুখ্যমন্ত্রী অখিলেশের ধারণায় যিনি ‘যত নষ্টের গোড়া’।

লক্ষ্ণৌ থেকে সমাজবাদী পার্টি সূত্রে পাওয়া খবর অনুযায়ী, মুলায়ম দল অখণ্ড রাখতে আগ্রহী। কিন্তু সে জন্য পুত্র অখিলেশের শর্ত তিনটি। প্রথম শর্ত, রাজ্যসভার পদ থেকে অমর সিংকে সরাতে হবে। দ্বিতীয় শর্ত, রাজ্য সভাপতির পদ তাঁকে ফিরিয়ে দিতে হবে। তৃতীয় শর্ত, তাঁর তালিকার প্রার্থীদের মনোনয়ন দিতে হবে। কাকা শিবপালকে অখিলেশ এ কথাও জানিয়ে দেন, মুলায়মকে সর্বভারতীয় সভাপতি হিসেবে মেনে নিতে তাঁর আপত্তি নেই।

মুশকিল হলো, বৃহস্পতিবারই দিল্লি থেকে মুলায়মের সঙ্গে অমর সিং লক্ষ্ণৌ এসেছেন। গতকাল তিনি মুলায়মের সঙ্গে বৈঠকও করেছেন। অমর সিংকে দলের কোনো পদে কোনোভাবে মেনে নিতে অখিলেশ চান না। কিন্তু অমর সিংকে ছেঁটে ফেলতে চাইছেন না মুলায়ম। অমর সিং আবার বলেছেন, অখিলেশ আরও বড় হোন। কিন্তু কাকা শিবপালের কোলেপিঠে মানুষ হয়েও অখিলেশ তাঁকেই দেখতে পারছেন না!

বিবদমান দুই পক্ষই দলীয় প্রতীক সাইকেলের দাবি জানিয়ে নির্বাচন কমিশনে আবেদন জানিয়েছে। ৯ জানুয়ারি কমিশনে শুনানি। অখিলেশ শিবিরের দাবি, দলের ২২৯ জন বিধায়কের মধ্যে ২২১ জনই তাঁদের পক্ষে। নির্বাচন কমিশনের কাছে দুটি পথ খোলা। যেকোনো এক পক্ষকে প্রতীক দেওয়া। নয়তো কাউকেই আপাতত প্রতীক না দেওয়া। সে ক্ষেত্রে দুই পক্ষকেই ‘ফ্রি সিম্বল’ নিয়ে ভোটে লড়তে হবে।

কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে ভোটে লড়তে অখিলেশ আগ্রহী। আগ্রহ কংগ্রেসেরও। কংগ্রেসের মুখ্যমন্ত্রিত্বের দাবিদার শীলা দীক্ষিত ইতিমধ্যে অখিলেশের জন্য সরে দাঁড়ানোর প্রস্তাব দিয়েছেন। ৯ জানুয়ারি রাহুল ও প্রিয়াঙ্কার সঙ্গে অখিলেশের বৈঠক হওয়ার সম্ভাবনা। কংগ্রেসের দাবি ৯০-১০৫ আসন। অখিলেশ ৭০-৭৫ দিতে রাজি। ঘনিষ্ঠ মহলে তিনি বলেছেন, এই জোট হলে তিন শর বেশি আসন তাঁরা জিতবেন।