ঐশ্বরিয়ার মতো নই, বর পাব কই?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাবা হৃদ্‌রোগী। বিয়ে করলে তাঁকে দেখবে কে? ভাইয়েরা তো যে যার মতো আছে। কোনো দায়দায়িত্বে নেই। অগত্যা ২২ বছর বয়সে ওই মেয়েকেই ধরতে হলো সংসারের হাল। নিতে হলো দায়িত্বের বোঝা। সে বোঝা বইতে বইতে সময় গড়াল। মেঘে মেঘে হলো অনেক বেলা। মাঝখান থেকে বিয়ে করাই আর হলো না। মেয়েটি অবশ্য বলছেন, তিনি তো আর ঐশ্বরিয়া রাইয়ের মতো সুন্দরী নন, বিয়েটা হবে কী করে?

বাবার সঙ্গে মেয়েটির খুব ঘনিষ্ঠতা ছিল। সব বেতন সংসারেই দিতে হতো। অবলীলায় প্রতিদিনের বাজার, বিল পরিশোধের জন্য টাকা দিতেন মেয়েটি। ভাইয়েরা কোনো দায়িত্ব নিত না। ২২ বছরেই মেয়েটি সংসারের হাল ধরেছিলেন।

যত দিন বাবা ছিলেন, মেয়েটির মনে হতো বটের ছায়ায় আছেন। ২০১০ সালে হৃদ্‌রোগে আক্রান্ত হয়ে বাবা মারা যান। এরপরই মেয়েটির মনে হয়, সংসারে তাঁকে নিয়ে ভাবার মতো কেউ নেই। পরিবারের কেউই মেয়েটির বিয়ের কথা ভাবেনি।

২০১১ সালে চাকরিসূত্রে মেয়েটি যুক্তরাষ্ট্রে চলে যান। তখন থেকে মেয়েটি বিয়ের জন্য ভাবতে থাকেন। যুক্তরাষ্ট্রে কয়েকজন পুরুষের সঙ্গে আলাপ হয় মেয়েটির। তাঁরা মেয়েটির সঙ্গে ঘোরাফেরা করতেন। কেউ পেতে চেয়েছিলেন আর্থিক সুবিধা। কেউবা আদায় করতে চেয়েছিলেন শারীরিক সুবিধা। বিয়ের কথা তুলতেই মেয়েটিকে নানা কথা শুনতে হয়। এমনকি অনেকে বলেন, তাঁরা চান, বউ ঐশ্বরিয়ার মতো সুন্দর হোক। মেয়েটি তা নন। কাজেই বিয়ে ভন্ডুল।

১৫ বছর ধরে মেয়েটি আইটি প্রতিষ্ঠানে কাজ করেন। এখন তাঁর বয়স ৩৮ বছর। চাকরিসূত্রে ভারত থেকে যুক্তরাষ্ট্রে বদলি করা হয়েছে তাঁকে। বিয়ে না হওয়ায় কখনো কখনো নিজেকে খুব নিঃসঙ্গ মনে হয়। কখনো কখনো ভারতে ফিরে যাওয়ার কথা ভাবেন। কোনো শিশুকে দত্তক নেওয়ার কথাও ভাবেন। কিন্তু সিদ্ধান্ত নেওয়া কঠিন হয়।

তবে একসময় জীবন মেয়েটিকে অনেক কিছু শিখিয়ে দেয়। মেয়েটি বোঝেন, বিয়েটাই সব নয়। তাঁর মতো অবিবাহিত মেয়েদের বেদনাহত না হওয়ার পরামর্শ দেন মেয়েটি। পরিস্থিতির চাপে পড়ে নিজের অপছন্দের কোনো পুরুষকে বিয়ে না করারও পরামর্শ দেন।

সুখী হওয়ার জন্য বিয়ে বাধ্যতামূলক নয় বলে জানান মেয়েটি। তাঁর মতে, বন্ধু, সহকর্মী বা পরিবারের সঙ্গে ভালো সম্পর্ক বজায় রাখলে সুখী হওয়া যায়। সম্পর্ক অর্থপূর্ণ ও তাৎপর্যময় করে তোলা যায়।

সৃজনশীলতা বিকাশের জন্য মানুষ নানা রকম শখে নিজেকে জড়াতে পারে বলে জানান মেয়েটি। অন্যকে সাহায্য করার মধ্যেও একধরনের সুখ রয়েছে। তাই বিয়েটাই জীবনের সব নয়। টিএনএন অবলম্বনে