ওডিশার পঞ্চায়েত নির্বাচনে সাফল্য বিজেপির
পশ্চিমবঙ্গের পার্শ্ববর্তী রাজ্য ওডিশার পঞ্চায়েত নির্বাচনে ব্যাপক সাফল্য পেয়েছে বিজেপি। পাশাপাশি রাজ্যের শাসক দল বিজু জনতা দল বা বিজেডি হারিয়েছে বহু আসন।
গতকাল বুধবার নির্বাচনের এই ফল ঘোষণা করা হয়। রাজ্যের ৮৫১টি পঞ্চায়েত আসনের মধ্যে এবার বিজেপি পেয়েছে ৩০৬টি আসন। ২০১২ সালের পঞ্চায়েত নির্বাচনে বিজেপি পেয়েছিল মাত্র ৩৬টি আসন। যদিও এবার আসনসংখ্যার নিরিখে শীর্ষে রয়েছে শাসক দল বিজেডি। তাদের ঝুলিতে গেছে ৪৬০টি আসন। গত নির্বাচনে তারা পেয়েছিল ৬৫১টি আসন। আর এবার কংগ্রেস পেয়েছে মাত্র ৬৬টি আসন। গত নির্বাচনে কংগ্রেসের ছিল ১২৬টি আসন। এই ফলাফলে কংগ্রেস এবার দ্বিতীয় স্থান থেকে তৃতীয় স্থানে চলে এসেছে। আর দ্বিতীয় স্থানে চলে গেছে বিজেপি।
এই ফলাফলে দারুণ খুশি বিজেপি। তারা আগামী বিধানসভা নির্বাচনে জয়ের আশা করছে।
বিজেপির সরকারের কেন্দ্রীয় সংখ্যালঘু উন্নয়নমন্ত্রী মুকতার আব্বাস নকভি বলেছেন, কেন্দ্রীয় বিজেপি সরকারের সুশাসনই এই ফলাফল এনে দিয়েছে। বাড়ছে তাদের দলের সমর্থন।