ওডিশায় সন্দেহভাজন মাওবাদী হামলায় ৭ পুলিশ নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যের কোরাপুত জেলায় গতকাল বুধবার ভূমিমাইন বিস্ফোরণে কমপক্ষে সাতজন পুলিশ সদস্য নিহত হয়েছেন। আহত হয়েছেন পাঁচজন। সন্দেহভাজন মাওবাদীরা এ হামলা চালায় বলে পুলিশের ধারণা।

পুলিশের বরাত দিয়ে আইএএনএসের খবরে জানানো হয়, ওডিশা ও অন্ধ্র প্রদেশ রাজ্যের সীমান্তবর্তী পোতাঙ্গি পুলিশ স্টেশন এলাকার মুঙ্গাভূমি গ্রামে ন্যাশনাল হাইওয়েতে স্থানীয় সময় গতকাল ভূমিমাইনের বিস্ফোরণ ঘটে। পুলিশ সদস্যরা একটি ভ্যানে করে প্রশিক্ষণ নিতে কটকে যাচ্ছিলেন।

কোরাপুতের এসপি চর সিং মিনা আইএএনএসকে বলেন, আহত পুলিশ সদস্যদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ওডিশা রাজ্যে তৃতীয় দফা পঞ্চায়েত নির্বাচনের দুই সপ্তাহ আগে এ বিস্ফোরণের ঘটনা ঘটল। মালকানগিরিসহ বেশ কয়েকটি এলাকায় নির্বাচন বয়কটের আহ্বান করেছে মাওবাদীরা।

টুইট বার্তায় রাজ্যের মুখ্যমন্ত্রী নবীন পাটনায়েক এই ঘটনাকে কাপুরুষোচিত হিসেবে চিহ্নিত করেছেন। ক্ষতিগ্রস্ত পরিবারের প্রতি তিনি সমবেদনা জানান।