ওবামা ভারত আসছেন, প্রজাতন্ত্র দিবসে অতিথি

ভারতে আসছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। ভারতের প্রজাতন্ত্র দিবস ২৬ জানুয়ারি, ওই দিবসে প্রধান অতিথি হচ্ছেন ওবামা। ১৯৫০ সাল থেকে ভারত ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবস হিসেবে পালন করে আসছে।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করে ভারতে আসছেন বারাক ওবামা। আজ শুক্রবার ভারতের গণমাধ্যমে এ খবর বের হয়।
প্রজাতন্ত্র দিবসে এই প্রথম কোন মার্কিন প্রেসিডেন্ট প্রধান অতিথি হিসাবে থাকছেন। নরেন্দ্র মোদিসহ ভারতের শীর্ষ প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করবেন মার্কিন প্রেসিডেন্ট। ভারত-মার্কিন সম্পর্ক মজবুত করতে বৈঠক হবে কূটনৈতিক স্তরে। গত সেপ্টেম্বরে হোয়াইট হাউসে ওবামার সঙ্গে দেখা করেন মোদি।
রয়টার্সের খবরে আরও বলা হয়েছে, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি টুইটারে বারাক ওবামাকে আমন্ত্রণ জানান। ওবামার ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল মোদির আমন্ত্রণের জবাবে টুইট করে বলে বলেছে, ২০১৫ সালের জানুয়ারিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে যোগ দেবেন মার্কিন প্রেসিডেন্ট।