ওবামার সফর আয়োজনে ব্যস্ত ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মাত্র দুই কিলোমিটার রাস্তা। এই পথে কে কার সহযাত্রী, তাই নিয়ে শুরু হয়েছে অভিনব দড়ি টানাটানি। ভারতের ইতিহাসে এমনটা আগে ঘটেনি।
ঘটেনি, কারণ, এযাবৎ তার সুযোগই হয়নি। সুযোগ হয়নি কারণ, ২৬ জানুয়ারি ভারতের প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে আজ পর্যন্ত কোনো মার্কিন প্রেসিডেন্ট বিশেষ অতিথি হিসেবে দিল্লি আসেননি। এই প্রথম তা ঘটতে চলেছে। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আমন্ত্রণ গ্রহণ করেছেন। তিন দিনের সফরে ২৫ জানুয়ারি তিনি ভারতে আসছেন। ২৬ জানুয়ারি রাজপথের চিত্তাকর্ষক প্যারেডে তিনিই প্রধান আকর্ষণ।
দড়ি টানাটানি ওই রাজপথের অনুষ্ঠান ঘিরেই। প্রথা ও প্রটোকল অনুযায়ী এই অনুষ্ঠানের প্রধান বিদেশি অতিথি রাইসিনা হিলসে রাষ্ট্রপতি ভবন থেকে ভারতের রাষ্ট্রপতির সঙ্গে তাঁরই গাড়ির সওয়ার হয়ে রাজপথের প্যারেড দেখতে হাজির হন। নিরাপত্তা নিয়ে আদ্যন্ত খুঁতখুঁতে মার্কিন যুক্তরাষ্ট্রের আবদার, প্রেসিডেন্ট ওবামার জন্য বিশেষভাবে নির্মিত যে গাড়ি যুক্তরাষ্ট্র থেকে উড়িয়ে আনা হবে, ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় যেন সেই গাড়িরই সওয়ার হোন। অর্থাৎ, রাষ্ট্রপতি ভবন থেকে প্রণব মুখোপাধ্যায়ই যেন ওবামার গাড়িতে তাঁর সহযাত্রী হন। এযাবৎ যা হয়নি, ওবামার জন্য কী করে তা সম্ভব সেটাই বোঝাতে কালঘাম ছুটছে ভারতীয়দের।
যেমন এখনো বোঝা যাচ্ছে না, দিল্লি ও আগ্রার বাইরে আর কোনো শহরে ওবামা যাবেন কি না। মোদির একান্ত আগ্রহ, সামান্য সময়ের জন্য হলেও ওবামা যেন তাঁর নির্বাচনী কেন্দ্র পবিত্র শহর বারানসিতে একবার মাথা ঠেকিয়ে আসেন। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সৈয়দ আকবরউদ্দিন বলেছেন, ‘প্রেসিডেন্ট ওবামার সফরসূচির বিস্তারিত এখনো চূড়ান্ত নয়।’
ভারতকে যুক্তরাষ্ট্র কতখানি গুরুত্ব দিচ্ছে, এই আমন্ত্রণ গ্রহণই তার উদাহরণ। এই সফরেই দুই দেশের মধ্যে আগামী ১০ বছরের জন্য নতুন প্রতিরক্ষা সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে বলে আশা। এবার এই সফর আরও গুরুত্বপূর্ণ হয়ে ওঠার কারণ নরেন্দ্র মোদির ‘মেক ইন ইন্ডিয়া’ স্লোগান। স্লোগানের পাশাপাশি প্রতিরক্ষা উৎপাদন ক্ষেত্রগুলোতে বিদেশি লগ্নির হার ৪৯ শতাংশে নিয়ে যাওয়া হয়েছে।
অবশ্য একটা খচখচানিও রয়েছে। পারমাণবিক বিদ্যুৎ দায়বদ্ধতা নিয়ে ভারত এখনো নমনীয় হতে পারেনি। আমেরিকার চাপ এ নিয়ে যেমন রয়েছে, তেমনই প্রবল চাপ ভারতীয় রাজনৈতিক দলগুলোর। কী করে এই দায়বদ্ধতা কাটিয়ে ওঠা যায়, তার সুরাহা কিন্তু এখনো হয়নি।