ওডিশায় ট্রাক খাদে, ৯ খেলোয়াড় নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের ওডিশা রাজ্যে সেতুর রেলিং ভেঙে একটি মিনি ট্রাক খাদে পড়ে গেলে নয় কাবাডি খেলোয়াড় নিহত হন। এ ছাড়া আহত হয়েছেন ১০ খেলোয়াড়। গতকাল শনিবার দিবাগত রাতে রাজ্যের সুন্দরগড় জেলার সুয়ারাপলী এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

আহতদের মধ্যে ছয়জনকে রাউরকেলা হাসপাতাল ও চারজনকে বনেই মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বনেই মহকুমার অতিরিক্ত পুলিশ সুপার আর বি পানিগ্রাহীর ভাষ্য, কাবাডি খেলোয়াড়রা সেন্ধাপুরে একটি খেলায় জিতে ওই মিনি ট্রাকে করে ধুঁদিগাঁওয়ের দিকে যাচ্ছিলেন। সুয়ারাপলী এলাকায় চালক নিয়ন্ত্রণ হারালে সেতুর রেলিং ভেঙে ট্রাকটি নিচের খাদে পড়ে যায়। এতে ওই হতাহতের ঘটনা ঘটে।

এদিকে ওডিশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়েক নিহতদের পরিবারকে এক লাখ রুপি করে আর্থিক সাহায্য দেওয়ার ঘোষণা দিয়েছেন বলে জানা গেছে।