ওয়াহিদের স্বাভাবিক জীবনে ফেরার গল্প
ভারতের মুম্বাইয়ে ২০০৬ সালে ট্রেনে বিস্ফোরণে ১৮৯ জন নিহত হওয়ার ঘটনায় গত মাসে ১২ জনকে দণ্ডিত করেছেন দেশটির একটি আদালত। ওই ঘটনায় করা মামলার রায়ে অভিযোগ থেকে খালাস পেয়েছেন দক্ষিণ মুম্বাইয়ের আবদুল ওয়াহিদ শেখ। কারাগার থেকে বেরিয়ে তিনি স্বাভাবিক জীবনে ফিরেছেন। মানুষজন তাঁকে সাদরে গ্রহণ করেছেন।
গ্রেপ্তারের ঘটনা ও কারাবাসের পর খালাস পাওয়া ওয়াহিদ শেখের স্বাভাবিক জীবনে ফিরে আসার গল্প উঠে এসেছে বিবিসি অনলাইনের এক প্রতিবেদনে।
কারাগার থেকে মুক্তি পাওয়ার ঠিক এক মাস পর ৩৭ বছর বয়সী ওয়াহিদ তাঁর কাজে ফিরেছেন। দক্ষিণ মুম্বাইয়ে গ্র্যান্ট রোডের আবদুস সাত্তার শোয়েব স্কুলে বিজ্ঞান পড়ান তিনি।
স্কুলটি পরিচালনা করে আঞ্জুমান-ই-ইসলাম ট্রাস্ট। ট্রাস্টের সভাপতি জহির কাজি বলেন, ‘আমরা আমাদের আইন কর্মকর্তাদের মতামত নিয়েছি। এরপর তাঁকে (ওয়াহিদ) কাজে ফেরত নিয়েছি।’
ওয়াহিদকে ফের স্কুলে নেওয়া প্রসঙ্গে জহির কাজি বলেন, ‘আমরা সংস্কারে চলি না।’
ওয়াহিদ জানান, স্কুল থেকে ব্যাপক সমর্থন পেয়েছেন। একজন সাবেক কয়েদিকে সচরাচর যেসব পরিস্থিতির মুখোমুখি হতে হয়, তাঁর ক্ষেত্রে তা হয়নি।
ইতিমধ্যে বিভিন্ন পত্রিকায় ওয়াহিদের ছবি ছাপা হয়েছে। এসব দেখে তাঁর শিক্ষার্থীরা রোমাঞ্চিত। ওয়াহিদ বলেন, শিক্ষার্থীরা তো বটেই, তাদের অভিভাবকদের কাছ থেকেও কোনো নেতিবাচক প্রতিক্রিয়া শোনেননি তিনি। কারাগার থেকে মুক্তি পাওয়ার পর একজনও তাঁকে ‘সন্ত্রাসী’ বলেননি।
এখন ওয়াহিদের লক্ষ্য—শিক্ষার্থীদের কাছে নিজেকে একজন কড়া ও দক্ষ শিক্ষক হিসেবে প্রতিষ্ঠা করা।
২০০৬ সালে গ্রেপ্তার হন ওয়াহিদ। এখন ২০১৫। গ্রেপ্তারের সময় তাঁর দুই সন্তান উমর ও উমরা ছিল কোলের শিশু। এখন তাদের বয়স যথাক্রমে ১১ ও ১০ বছর।
ওয়াহিদ জানালেন, তাঁর কাছে সন্তানদের প্রত্যাশা ভিন্ন। তারা (সন্তান) অবাধ্য হলে তিনি রাগ করেন। এতে তারা খুব কষ্ট পায়। তারা অনেক কান্নাকাটি করে। অথচ তাদের মা যখন একই কাজ করেন, তখন তারা এমনটা করে না। তারা তাঁর (ওয়াহিদ) কাছে কেবলই ভালোবাসা আশা করে।
ওয়াহিদের স্ত্রীর ভাষ্য, তাঁরা সবাই ওয়াহিদের প্রতি যত্নশীল। আর ওয়াহিদও চেষ্টা করেন হাসিখুশি থাকার। তবে তিনি সহজে রেগে যান, উদ্বিঘ্ন হন। কারাগারের দিনগুলোর কথা তাঁর মনে পড়ে।