কংগ্রেস ছাড়া অমরিন্দরের পাঞ্জাবে জোট বিজেপির সঙ্গে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির পাঞ্জাব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে বৈঠকে পাঞ্জাব লোক কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং
ছবি: টুইটার

কংগ্রেস ছেড়েছিলেন আগেই। তখন থেকে আলোচনায় কী করবেন, রাজনৈতিক দল গড়ে নির্বাচনে একা লড়বেন, নাকি জোট করবেন। সেই আলোচনার সমাপ্তি রেখা টেনে দিলেন। জোট করলেন বিজেপির সঙ্গে। টুইটেও সেই কথা জানিয়ে দিলেন কংগ্রেসের সাবেক মুখ্যমন্ত্রী অমরিন্দর সিং।

কংগ্রেস ছাড়ার পরই নতুন দল পাঞ্জাব লোক কংগ্রেস গড়েন অমরিন্দর সিং। সাত দফা আলোচনার পর বিজেপি ও পাঞ্জাব লোক কংগ্রেসের জোটের কথা জানানো হলো। পাঞ্জাব লোক কংগ্রেস এবার বিজেপির সঙ্গে জোট করে ২০২২ সালে অনুষ্ঠিত হতে যাওয়া নির্বাচনে লড়বে। জোটের ঘোষণা দেওয়ার পর উভয় দলের পক্ষ থেকেই জানানো হয়েছে, আসন ভাগাভাগির বিষয়ে আলোচনা পরে হবে।

ভারতের কেন্দ্রীয় মন্ত্রী বিজেপির পাঞ্জাব রাজ্যের দায়িত্বপ্রাপ্ত নেতা গজেন্দ্র সিং শেখাওয়াতের সঙ্গে গতকাল শুক্রবার নয়দিল্লিতে বৈঠক করেন পাঞ্জাব লোক কংগ্রেসের প্রধান অমরিন্দর সিং। এদিন সাত দফা আলোচনায় বসেন তাঁরা। তারপর চূড়ান্ত হয় জোটের বিষয়টি।

পাঞ্জাবে জোট প্রসঙ্গে গজেন্দ্র সিং শেখাওয়াত বলেন, সাত দফা আলোচনার পর আমরা জোটের ব্যাপারে নিশ্চিত হয়েছি। আসন ভাগাভাগির মতো বিষয়গুলো পরে আলোচনা করা হবে। পাঞ্জাব লোক কংগ্রেসের প্রধান ক্যাপ্টেন অমরিন্দর সিং এতে সম্মত হন।

পাঞ্জাবের সাবেক মুখ্যমন্ত্রী বলেন, আমরা প্রস্তুত এ নির্বাচনে জোট করে লড়তে। আমরা আত্মবিশ্বাসী যে এ নির্বাচন আমরাই জিততে যাচ্ছি। আসন ভাগাভাগির বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে আসন থেকে আসন পর্যালোচনার ভিত্তিতে। আমরা এ নির্বাচনে জিততে ১০১ শতাংশ দিতে তৈরি আছি।

ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর সঙ্গে অমরিন্দর সিং
ছবি: টুইটার

এর আগে পাঞ্জাব লোক কংগ্রেস ও শিরোমণি আকালি দলের সঙ্গে গজেন্দ্র সিং শেখাওয়াত সাক্ষাৎ করেছিলেন।

কংগ্রেস থেকে পদত্যাগ করে অমরিন্দর সিং গত সেপ্টেম্বরে কংগ্রেস ছেড়ে নতুন দল করার ঘোষণা দেন। প্রদেশ কংগ্রেসের সভাপতি নবজ্যোত সিং সিধুর সঙ্গে দ্বন্দ্বে মুখ্যমন্ত্রী হিসেবে পদত্যাগ করতে বাধ্য হন তিনি। তারপরই কংগ্রেস ছেড়ে অমরিন্দর সিং নতুন দল গঠন করেন।

তথ্যসূত্র: এনডিটিভি