কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল, এবার কি বিজেপিতে
কংগ্রেস ছাড়লেন হার্দিক প্যাটেল। গুজরাট নির্বাচনের কয়েক মাস আগেই ভারতের অন্যতম বড় রাজনৈতিক দলটি ছাড়লেন হার্দিক প্যাটেল। কয়েক দিন ধরেই কংগ্রেসের সঙ্গে দূরত্ব বাড়ছিল হার্দিকের। তিনি কংগ্রেস নেতৃত্বের সমালোচনাতেও সরব ছিলেন। জল্পনা বাড়িয়ে কয়েক দিন আগেই টুইটার প্রোফাইল থেকে কংগ্রেসের নাম সরিয়ে ফেলেছিলেন। শুধু টুইটার নয়, হোয়াটসঅ্যাপ ও টেলিগ্রাম অ্যাকাউন্ট থেকেও দলের নাম সরিয়ে ফেলেন তিনি।
আজ বুধবার কংগ্রেসের সব পদ থেকে সরে দাঁড়ানোর কথা জানান হার্দিক। টুইটে তিনি জানান, ‘আজ আমি সাহসের সঙ্গে কংগ্রেস পার্টির পদ এবং দলের প্রাথমিক সদস্য পদ থেকে পদত্যাগ করছি। আমি নিশ্চিত যে আমার সিদ্ধান্তকে আমার সব সহকর্মী ও গুজরাটের জনগণ স্বাগত জানাবে। আমি বিশ্বাস করি, আমার এই পদক্ষেপের পর আমি ভবিষ্যতে গুজরাটের জন্য সত্যিই ইতিবাচকভাবে কাজ করতে সক্ষম হব।’ পদত্যাগপত্র তিনি পাঠিয়ে দিয়েছেন রাহুল গান্ধীর কাছে। রাহুলের হাত ধরেই ২০১৯ সালের মার্চে কংগ্রেসে যোগ দিয়েছিলেন হার্দিক প্যাটেল।
সম্প্রতি নানা ইস্যুতে কংগ্রেস নেতৃত্বের ওপর ক্ষোভ প্রকাশ করছিলেন হার্দিক। কংগ্রেস নেতৃত্বের সমালোচনা করে হার্দিক বলেছিলেন, ‘রাহুল গান্ধী বা প্রিয়াঙ্কা গান্ধীকে নিয়ে হতাশ নই। কয়েকজন রাজ্যের নেতাকে নিয়ে বিরক্ত। আমি কেন বিরক্ত? সামনে নির্বাচন, এ সময় সবাই মিলে জোটবদ্ধ হয়ে কাজ করতে হবে। তাঁদের সেই পদ দেওয়া উচিত।’
বিজেপি বন্দনাও শোনা গিয়েছিল হার্দিকের মুখে। তিনি বলেছিলেন, বিজেপির যে কিছু ভালো দিক আছে, তা মানতেই হবে। এরপরই জল্পনা শুরু হয়ে যায়, তাহলে কি এবার হাত ছেড়ে পদ্ম শিবিরেই যাচ্ছেন তরুণ রাজনৈতিক নেতা, এমন প্রশ্ন উঠেছিল। তবে আজ কংগ্রেস ছাড়ার পর হার্দিক গেরুয়া শিবিরে যাচ্ছেন কি না, তা এখনো জানা যায়নি।
এদিকে হার্দিকের মতো প্রথম সারির নেতার এমন সিদ্ধান্তে যে কংগ্রেসের ওপর চাপ বাড়ল, তাতে সন্দেহ নেই। এ বছরের শেষেই গুজরাটে বিধানসভা নির্বাচন। এ পরিস্থিতিতে হার্দিকের দল ছাড়ার ঘোষণা এল। গত রোববার শেষ হয়েছে কংগ্রেসের তিন দিনব্যাপী চিন্তন শিবির।
আর সেই শিবিরে বারবার ঘুরে দাঁড়ানোর বার্তা দিতে দেখা গিয়েছিল দলের অন্তর্বর্তীকালীন সভানেত্রী সোনিয়া গান্ধীকে। কিন্তু এর তিন দিনের মধ্যেই হার্দিকের দলত্যাগের ঘটনা ঘটল।