কংগ্রেস তাকিয়ে সিপিএমের দিকে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পশ্চিমবঙ্গে কংগ্রেস নেতৃত্বের অধিকাংশ যেমন সিপিএমের সঙ্গে জোটে আগ্রহী, সিপিএমেরও রাজ্য নেতৃত্বের অধিকাংশ এই জোটের পক্ষে। আজ বুধবার সিপিএমের পশ্চিমবঙ্গ রাজ্য সম্পাদকমণ্ডলীর বৈঠকে অধিকাংশ সদস্য এই জোটের পক্ষে মত দিয়েছেন। রাজ্য নেতৃত্ব এই প্রশ্নে কেরালা ও ত্রিপুরার নেতাদের সঙ্গেও কথা বলবে।

পশ্চিমবঙ্গের সিপিএম রাজ্য কমিটির বৈঠক চলতি মাসের ১২ ও ১৩ তারিখে। সূত্রের খবর, সেই বৈঠকেই তৃণমূল কংগ্রেসের সঙ্গে জোট-প্রসঙ্গ আলোচিত হবে। সেই বৈঠকের পরেই রাজ্য কমিটির অভিমত কেন্দ্রীয় কমিটির কাছে পাঠানো হবে। কেন্দ্রীয় কমিটি প্রস্তাবটি বিবেচনা করে দলীয় নীতি অনুযায়ী সিদ্ধান্ত নেবে।

রাজ্য সম্পাদকমণ্ডলীর বুধবারের বৈঠকে উপস্থিত ১৮ জনের মধ্যে ১৪ জনই তৃণমূলের সঙ্গে জোটের পক্ষে মত দেন। চারজন বিরোধিতা করেন। গত সোমবার প্রদেশ কংগ্রেসের প্রথম সারির যে ১৭ জন নেতা কংগ্রেস সহসভাপতি রাহুল গান্ধীর সঙ্গে দেখা করেছিলেন, তাঁদের মধ্যে ১৫ জনই সিপিএমের সঙ্গে জোটের পক্ষে মত দিয়েছিলেন।

রাহুলের ওপর চাপ সৃষ্টি করলেও সিপিএমের কাছ থেকে স্পষ্ট ইঙ্গিত না পেলে জোট নিয়ে কংগ্রেস আগ বাড়িয়ে কিছু না করার সিদ্ধান্ত নিয়েছে। কংগ্রেসের কেন্দ্রীয় ও পশ্চিমবঙ্গের নেতৃত্ব সূত্রে এই খবর জানা গেছে। এই সূত্র অনুযায়ী, সিপিএমের কেন্দ্রীয় কমিটি ১৯৯৬ সালে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী জ্যোতি বসুকে প্রধানমন্ত্রী হতে দেয়নি। মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে পরমাণু চুক্তির বিরোধিতা করে ২০০৮ সালে সিপিএম কেন্দ্রে কংগ্রেস নেতৃত্বাধীন ইউপিএ সরকারের ওপর থেকে সমর্থন প্রত্যাহার করে নেয়। কংগ্রেস মনে করে, দুটি ক্ষেত্রেই জনতা ও সময়ের দাবিকে সিপিএম উপেক্ষা করেছিল। এবার জোট প্রশ্নেও যে সিপিএম কেন্দ্রীয় নেতৃত্ব তা করবে না, সেই গ্যারান্টি নেই বলেই কংগ্রেসের একটি সূত্র প্রথম আলোকে জানায়। এই সূত্রের মতে, কংগ্রেস আগে দেখতে চায় সিপিএমের কেন্দ্রীয় কমিটি কী বলে। তা দেখেই কংগ্রেসের কেন্দ্রীয় নেতৃত্ব জোট নিয়ে এগোনো-পিছানোর সিদ্ধান্ত নেবে।

সিপিএম কেন্দ্রীয় কমিটির বৈঠক ১৬-১৮ ফেব্রুয়ারি। দলের সাবেক সম্পাদক প্রকাশ কারাট আগেই জানিয়েছেন, রাজ্য কমিটির রিপোর্ট ওই বৈঠকে বিবেচিত হবে। তিনি বলেছেন, দলীয় কংগ্রেসে যে সিদ্ধান্ত গৃহীত হয়েছিল, সেই নিরিখেই রাজ্য কমিটির রিপোর্ট বিবেচিত হবে।

কেরালা ও ত্রিপুরার নেতারা কংগ্রেসের সঙ্গে জোটের বিরোধী। এই দুই রাজ্যে সিপিএমের লড়াই একমাত্র কংগ্রেসের সঙ্গেই। ত্রিপুরায় কংগ্রেস ক্ষীণ বল হলেও কেরালায় নয়। সেখানে তারা ক্ষমতায়। কেরালায় অবশ্য প্রতি পাঁচ বছর অন্তর সরকার বদলায়। সেই অনুযায়ী এই বছর বামপন্থীরাই সরকার গড়ার মতো জায়গায় রয়েছে। তার ওপর কংগ্রেসের মুখ্যমন্ত্রী ওমেন চন্ডি দুর্নীতির অভিযোগে বেকায়দায়। এই পরিস্থিতিতে পশ্চিমবঙ্গে তৃণমূলকে হারাতে কংগ্রেসের সঙ্গে সিপিএম হাত মেলালে তার বিরূপ প্রতিক্রিয়া কেরালায় পড়তে পারে বলে আশঙ্কা। একই হাল কংগ্রেসেরও। এই দলের কেরালার নেতারাও কোনো রাজ্যেই সিপিএমকে দোসর দেখতে চায় না। সেই কারণে দুই শিবিরেই জোট নিয়ে যথেষ্ট দোলাচল রয়েছে।