কংগ্রেস না আসলে 'আচ্ছে দিন' আসবে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে কটাক্ষ করে কংগ্রেসের সহসভাপতি রাহুল গান্ধী বললেন, ২০১৯ সালে কংগ্রেস ক্ষমতায় এলেই ‘আচ্ছে দিন’ (সুদিন) আসবে, তার আগে নয়।

বিদেশ সফর শেষে দেশে ফিরে কংগ্রেসের ডাকা এক সম্মেলনে গতকাল বুধবার রাহুল এ কথা বলেন। একই সঙ্গে প্রধানমন্ত্রীকে কটাক্ষ করে তিনি বলেন, এই প্রথম ভারতের একজন প্রধানমন্ত্রী গোটা বিশ্বের কাছে নিজেকে হাসির খোরাক করে তুলেছেন। যেভাবে আগ-পিছু বিবেচনা না করে তিনি নোট বাতিলের সিদ্ধান্ত নিয়েছেন, তাতে পৃথিবী হতবাক।

নোটবন্দীর সিদ্ধান্তে কংগ্রেস দেশের সর্বত্র যে আন্দোলন চালাচ্ছে, বুধবারের সম্মেলন ছিল তারই অঙ্গ। রাজধানীর তালকাটোরা স্টেডিয়ামে ডাকা এই সম্মেলনের নাম দেওয়া হয়েছিল ‘জনবেদনা সম্মেলন’। সম্মেলনে সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংসহ সব শীর্ষ নেতা উপস্থিত থাকলেও সভানেত্রী সোনিয়া গান্ধী ছিলেন না। তাঁর অনুপস্থিতি অসুস্থতাজনিত কারণে কি না, সে বিষয়ে দলের কেউ কিছু বলেননি।

নোটবন্দীর সিদ্ধান্ত যে দেশের জনগণকে পর্যুদস্ত করে তুলেছে, রাহুল তাঁর ভাষণে সেটাই বড় করে তুলে ধরেন। তিনি বলেন, ভারতের ইতিহাসে নোটবন্দীর মতো এত খারাপ সিদ্ধান্ত আগে কেউ কখনো নেননি। এই একটি মাত্র সিদ্ধান্ত দেশের অর্থনীতিরই শুধু বারোটা বাজায়নি, দেশের মানুষকে ফেলে দিয়েছে চরম বিপত্তির মধ্যে।

রাহুলের ভাষণের পুরোটায় ছিল মোদির সমালোচনা। তিনি বলেন, কংগ্রেস এত বছরের শাসনকালে যা করেনি, মোদি আড়াই বছরের মধ্যে সেই কাজটা করে ফেলেছেন। এ দেশের গণতন্ত্রের বিকাশে যে প্রতিষ্ঠানগুলোর অবদান অনস্বীকার্য, মোদি একের পর এক সেগুলোকে শেষ করে দিয়েছেন। যেমন রিজার্ভ ব্যাংক। একতরফাভাবে নোটবন্দীর সিদ্ধান্ত নিয়ে তিনি রিজার্ভ ব্যাংককে হাস্যকর অবস্থার মধ্যে ফেলে দিয়েছেন। রাহুল বলেন, দেশের রাষ্ট্রায়ত্ব ব্যাংকগুলোর খেলাপি ঋণের পরিমাণ ৮ লাখ কোটি রুপি। মাত্র ৫০টি পরিবার এই ঋণ পরিশোধ করছে না। নরেন্দ্র মোদি দুই বছরে এদের ১ লাখ ৪০ হাজার কোটি রুপি ঋণ মাফ করে দিয়েছেন। বাকিটার ব্যবস্থা করতেই এই নোটবন্দীর সিদ্ধান্ত। তিনি বলেন, গরিবের টাকা ছিনিয়ে মোদি নিজের পকেট ভরেছেন।

মোদিকে আক্রমণ করে রাহুল এ কথাও বলেন, তিনি দেশের মানুষকে ভীতসন্ত্রস্ত করে ক্ষমতায় টিকে থাকতে চাইছেন। ভয় দেখানো তাঁর সেরা হাতিয়ার। কংগ্রেস কোনো দিন কোনো কিছুকে ভয় পায়নি, পাবেও না। তিনি বলেন, এই সরকারকে কংগ্রেসই ক্ষমতা থেকে সরাবে। এটাই কংগ্রেসের অঙ্গীকার। রাহুল বলেন, মানুষ জানতে চায়, আচ্ছে দিন কবে আসবে? আচ্ছে দিন আসবে ২০১৯ সালে, কংগ্রেস ক্ষমতায় আসার পর।